অলস্পোর্ট ডেস্ক: সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে জট তৈরি হয়ে রয়েছে, তা দ্রুত ছাড়াতে। ভারতীয় ফুটবল ফেডারেশন( এআইএফএফ) ও রিলায়েন্স ব্যাকিং পাওয়া আইএসএল পরিচালনার দায়িত্বে থাকা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্টকে (এফএসডিএল) একসঙ্গে বসে সমাধানের রাস্তা খুঁজতে। আর সেকারণে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি পিএস নরসিমা ও জয়মাল্য বাগচীর বেঞ্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ২৮ আগস্ট, যাতে সবপক্ষই একমত হতে পারে আইএসএল শুরু করতে।
সুপ্রিম কোর্টের দুই বিচারপতি নির্দেশ দিয়েছেন, আইএসএল সংক্রান্ত বানিজ্যিক দিক ও অন্যান্য বিষয় নিয়ে সমস্ত তথ্য পরবর্তী তথ্য তাঁদের সামন তুলে ধরতে। শুক্রবারের শুনানিতে এফএসডিএলের তরফে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে বক্তব্য পেশ করার সময় সাফ জানানো হয়, যেহেতু তারা ইতিমধ্যেই শত শত কোটি টাকা ঢেলেছে বিনা লাভে, সেহেতু তারা কোনওরকম সল্পমেয়াদী বা অন্তর্বর্তীকালীন চুক্তিতে আইএসএল আয়োজনের দায়িত্ব নিতে নারাজ। কোম্পানি দীর্ঘমেয়াদী চুক্তি চায় আইএসএলকে লাভজনক জায়গায় পৌঁছে দিতে।
এফএসডিএলের সিনিয়র আইনজীবি নীরজ কিষাণ কল সুপ্রিম কোর্টকে জানান, ‘ আমরা দীর্ঘমেয়াদী ও নিশ্চয়তা ভরা চুক্তি করতে আগ্রহী। তার জন্য আলোচনা জরুরি। কারণ আইএসএল মরশুমটা কোনও আংশিক চুক্তির বিষয় নয়। এতে টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি ফুটবলার, রেফারি, কর্মীদের থাকা খাওয়া, যাতায়াতের খরচ ছাড়াও আরও অনেক বিষয় জড়িয়ে থাকে। এটা বলা সোজা আমরা এটা করতে আগ্রহী, কিন্তু কোনওরকম অনিশ্চয়তার মাঝে থেকে নয়। আইএসএল সাময়িক কোনও চুক্তির ভিত্তিতে চলতে পারে না। বরং এমন একটা দীর্ঘমেয়াদী চুক্তি জরুরি, যেটা বানিজ্যিকভাবে লাভের মুখ দেখতে পারে সকলেই।’
এপ্রিলে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই আইএসএল আয়োজন ঘিরে জটিলতা তৈরি হয়। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ফেডারেশনের বর্তমান কমিটি এখন থেকে ক্ষমতাহীন। তাদের আর বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। ফেডারেশনের সংশোধিত সংবিধানের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে নতুন কার্যকরী কমিটি তৈরি হলে, তারাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে। এর ফলে ফেডারেশন ও এফএসডিএলের মাঝে মাস্টার রাইটস এগ্রিমেন্টের নবীকরণ নিয়ে আর এগোন সম্ভব হয়নি। এক অপরের ঘাড়ে দায় চাপাতেই ব্যস্ত থাকে। তার ফলে আইএসএলের আয়োজন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে রয়েছে।
আইএসএলে অংশগ্রহনকারী ক্লাবগুলো আগেই ফেডারেশন সভাপতি কল্যান চৌবের সঙ্গে বৈঠকে দ্রুত জট খোলার রাস্তার কথা জানিয়েছিল। একইসঙ্গে ফেডারেশনকে বলেছিল, সুপ্রিম কোর্টের কাছে গিয়ে গোটা বিষয়টার গুরুত্ব তুলে ধরতে যাতে সমস্যা মেটে। আইএসএলে অংশগ্রহণকারী ক্লাবগুলি শুক্রবার সুপ্রিম কোর্টকে যৌথভাবে জানায়, তারা ফুটবলারদের মাইনে দিতে পারছে না, এমনকি ১ সেপ্টেম্বরের ফিফা ট্রান্সফার উইন্ডো মিস হয়ে গেলে তারা ফুটবলাদের আগের চুক্তি ভেঙে ছেড়ে দিতে বাধ্য হবে। ক্লাব পরিচালন ব্যবস্থা পুরোপুরি বন্ধ রাখবে।
অ্যামিকাস কিউরিয়ে অর্থাৎ আদালতের নিরপেক্ষ আইনজীবি সিনিয়র আইনজীবি গোপাল শঙ্করনারায়ণ সুপ্রিম কোর্টকে জানান, ‘ সকলেরই মাথায় রাখা উচিত ফুটবলাররা দেড় মাস ধরে মাইনে পাচ্ছে না। এটা যদি চলতে থাকে, তাহলে ফিফা হস্তক্ষেপ করতে বাধ্য হবে। সেটা মোটেই ভাল হবে না।’
ফেডারেশনের সঙ্গে মাস্টার রাইটস এগ্রিমেন্ট করেছিল এফএসডিএল ২০১০ সালে। যার মধ্যে স্পনসরশিপ, সম্প্রচার স্বত্ত্ব ও লিগ ম্যানেজেন্ট বাবদ ফেডারেশনকে বার্ষিক ৫০ কোটি টাকা বরাদ্দ ছিল। ১৫ বছর ধরে চলে আসা এই চুক্তি ৮ ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এআইএফএফ সংবিধান সংশোধিনের বিষয়টা সুপ্রিম কোর্টের চুড়ান্ত রায়ের জন্য অপেক্ষায় থাকতে হওয়ায় সেই চুক্তি নবীকরণ বা বৃদ্ধি নিয়ে জট পাকিয়ে যায়। একইসঙ্গে নতুন জাতীয় ক্রীড়ানীতি বিল পাস না হওয়া পর্যন্ত সব প্রক্রিয়ায় থমকে ছিল। আশা করা যায়, এবার সেই জট খুলবে দ্রুত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ ও নির্দেশে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
