অলস্পোর্ট ডেস্ক: রোহিত শর্মা সরে দাঁড়ানোর পর এশিয়া কাপ ক্রিকেটের নেতৃত্বে সূর্যকুমার যাদব। তবে একটা সময় পর্যন্ত তারকা ব্যাটারের খেলা নিয়ে সংশয় ছিল। চোট সারিয়ে কতটা ফিট তা নিয়ে প্রশ্ন থাকায়। হার্নিয়া সমস্যায় জার্মানিতে চিকিৎসার জন্য যেতে হয়েছিল তাঁকে। তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে সূর্যকুমার নিজেই তাঁর ভক্তদের জানিয়েছিল, এশিয়া কাপে সেরা দিতে তৈরি।
সূর্যকুমার জানিয়েছেন, আইপিএলের শেষদিকে তিনি একটা ব্যথা অনুভব করেন অতীতের মতো। স্ক্যান করার পর জানতে পারেন, পুরোন সমস্যা আবার চাগাড় দিয়েছে। সময় নষ্ট করে তিনি জার্মানি চলে যান সার্জারি করতে। তারপর রিকভারির কাজটা সেরেছেন খুব ধৈর্য ও যত্ন সহকারে। জিম থেকে রিহ্যাব ড্রিলের মাধ্যমে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মাঠে ফেরার লড়াইটা চালিয়ে গেছেন সার্জারির পর থেকে। এই কাজে এনসিএ ও সেন্টার অফ এক্সেলেন্সের সাপোর্ট স্টাফদের অবদানের কথা সূর্যকুমার উল্লেখ করেছেন তাঁর বক্তব্যে। ধন্যবাদ জানিয়েছেন, সময়মতো মাঠে ফিরতে সাহায্য করতে।
সূর্যকুমারের নিজের ভাষায়, ‘ আমি এখন বেশ ভাল বোধ করছি। ৫ থেকে ৬ সপ্তাহের একটা লম্বা প্রসেসের মাধ্যমে নিজেকে ফিট করার প্রচেষ্টায় মগ্ন ছিলাম। স্পোর্টস হারনিয়ার সমস্যাটা আইপিএলের শেষদিকে অনুভব করি। কয়েকটা পরীক্ষার পরই নিশ্চিত হয়ে যাই সমস্যাটা ফেলে রাখা যাবে না। দেরি করিনি জার্মানিতে গিয়ে সার্জারি সেরে ফেলার। সেই সিদ্ধান্ত সঠিক ছিল। কোনওমতেই এশিয়া কাপে খেলা মিস করতে চাইনি। দেশে ফিরে ওসিএ ও এনসিএতে রিহ্যাবের ফলে রিকভারির কাজটা দ্রুত সেরে ফেলা সম্ভব হয়েছে। এখন পুরো ফিট। এশিয়া কাপে দেশের হয়ে সেরা দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।’
এশিয়া কাপে ভারতের প্রথম খেলা দুবাইয়ের মাঠে সংযুক্ত আরব আমীরশাহীর বিরুদ্ধে ১০ সেপ্টেম্বর। পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচ ১৪ সেপ্টেম্বর। ওমানের বিরুদ্ধে খেলা ১৯ সেপ্টেম্বর, আবুধাবির মাঠে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
