Cart Total Items (0)

Cart

All Sports India
ফিফা

মুনাল চট্টোপাধ্যায়:‌ যা আশঙ্কা করা হচ্ছিল, সেটাই হল। ভারতীয় ফুটবল ফেডারেশনকে কড়া ভাষায় চিঠি পাঠাল ফিফা। যার সারমর্ম হল, দ্রুত সংবিধান বিষয়ক সমস্যা মেটাতে না পারলে ভারতকে নির্বাসনের মুখে পড়তে হবে। এতে ভারতীয় ফুটবল মহলের কপালে চিন্তার ভাঁজ। ভারতীয় ক্লাব কর্তারাও উদ্বিগ্ন। সকলেরই নজর থাকবে বৃহস্পতিবারের সুপ্রিম কোর্টে শুনানি ও রায়ের দিকে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নিজেদের যৌথ প্রস্তাব নিয়ে বক্তব্য পেশ করবে এআইএফএফ ও এফএসডিএল। তার আগে ফিফার এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ , একইসঙ্গে উদ্বেগের। ফেডারেশন সভাপতি কল্যান চৌবেকে লেখা চিঠিতে বলা হয়েছে, বারবার বলা সত্ত্বেও ভারতীয় ফুটবল ফেডারেশন তাদের সংশোধিত সংবিধানের বিষয়টি চুড়ান্ত করতে ব্যর্থ হওয়া বিষয়টা ফিফা মোটেই ভালভাবে নিচ্ছে না। ২০১৭ সাল থেকে সুপ্রিম কোর্টে এই সংবিধান সংশোধনের গুরুত্বপূর্ণ বিষয়টি ঝুলে রয়েছে। এতে ভারতীয় ফুটবল ফেডারেশনের স্বচ্ছ ও আইনি প্রশাসনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ানোয় ভারতীয় ফুটবল এক বড় সমস্যার মুখে পড়েছে।

ফিফা লিখেছে, এই ধরনের ঢিলেমির ফলে ভারতীয় ফুটবলের পরিচালনা ব্যবস্থা প্রবলভাবে প্রভাবিত হয়েছে। ক্লাব ও ফুটবলারদের কাছে ঘরোয়া প্রতিযোগিতার দিনক্ষণ অনিশ্চিত হয়ে পড়েছে। ২০২৫ ডিসেম্বরের পর বানিজ্যিক পার্টনারের বিষয়টিও অনিশ্চয়তায় ভরা। এর ফলে ভারতীয় ফুটবল ফেডারেশন পরিচালিত আইএসএলে অংশগ্রহনকারী ক্লাব, ফুটবলার, কর্মী, অন্যান্যভাবে জড়িত থাকা মানুষের ভবিষ্যত একইরকম অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে। আমরা ফিফপ্রোর দেওয়া চিঠি থেকে জানতে পেরেছি, আইএসএলে অংশগ্রহণকারী একাধিক ক্লাব তাদের পরিচালনা বন্ধই শুধু করছে না, ফুটবলারদের সঙ্গে আগের চুক্তি ভাঙার কথা জানিয়েছে। এতে ফুটবলারদের রুটি রোজগার ও ও কেরিয়ারের পক্ষে যা যথেষ্ট ক্ষতিকর ও উদ্বেগের। এরওপর ভারতের নয়া জাতীয় ক্রীড়া নীতি ও প্রশাসনিক বিলের সঙ্গে সঙ্গতি রেখে এআইএফএফকে ফিফা ও এএফসির নিয়ম মেনে সংশোধিত সংবিধান আনার কথা ভাবতে হচ্ছে বলে জটিলতা আরও বেড়েছে।

ফিফার কড়া নির্দেশ ৩০ অক্টোবরের মধ্যে তিনটি পদক্ষেপ নিতে হবে এআইএফএফকে , নইলে ভুগতে হবে। সেগুলি হল-‌
১)‌ এআইএফএফের সংশোধিত সংবিধান চুড়ান্ত করার ব্যাপারে সুপ্রিম কোর্ট থেকে নির্দিষ্ট তারিখ জেনে নেওয়া।
২)‌ ফিফা ও এএফসির নিয়ম মেনে ভারতীয় ফুটবল ফেডারেশনের সংবিধান গঠন করা।
৩)‌ এআইএফএফের পরবর্তী বার্ষিক সাধারন সভায় সংশোধিত সংবিধানের বিষয়টি র‌্যাটিফাই করা।

যদি এআইএফএফ এগুলো করতে ব্যর্থ হয়, তাহলে ফিফা বাধ্য হবে সংশ্লিষ্ট বিভাগকে জানাতে ও কড়া ব্যবস্থা নিতে। এইপ্রসঙ্গে ফিফা মনে করাচ্ছে, কোনও ধরনের তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ, সরকারি নাকগলানো বরদাস্ত করবে না, কারণ সেটা ফিফা নীতি বিরোধী কার্যকলাপের মধ্যে পড়ে। এটা না মানলে এএফসি ও ফিফা গাইডলাইন অমান্য করার জন্য ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসনের মুখে পড়তে হবে। এমনকি সেটা মেম্বার অ্যাসোসিয়েশন এআইএফএফের সরাসরি কোনও দোষ না থাকলেও। নির্বাসনের মুখে পড়ার অর্থ হল এএফসি ও ফিফার সদস্যপদ হারানো ও সব অধিকার থেকে বঞ্চিত হওয়া। সুতরাং এআইএফএফ যেন এসব মাথায় রেখে দ্রুত সমাধানের রাস্তা খোঁজে।

ফিফার সতর্কবার্তা চিঠির শেষে স্পষ্টভাবে বলা হয়েছে, তাদের দেওয়া এই বার্তা যেন এআইএফএফ গুরুত্ব সহকারে সুপ্রিম কোর্ট আর কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যান দপ্তরের কাছে পেশ করে ফিফা ও এএফসির কড়া আইনি পদক্ষেপের হাত থেকে বাঁচতে।

আশা করা যায়, এই চিঠি পেয়ে ফেডারেশন সভাপতি কল্যান চৌবে ও অন্যান্য পদাধিকারীদের ঘুম ভাঙবে। গড়িমসি ছেড়ে সুপ্রিম কোর্টের কাছে সংশোধিত সংবিধানের বিষয়টি চুড়ান্ত করতে জোরালো আবেদন রাখবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *