অলস্পোর্ট ডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-র প্রথম ম্যাচে ১৬ সেপ্টেম্বর ঘরের মাঠে যুবভারতীতে তুর্কমেনিস্তানের দল আহাল এফকের মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। তার প্রস্তুতি জোর কদমে চালাচ্ছেন সবুজ মেরুনের হেড স্যার হোসে মোলিনা।
ডুরান্ড কাপের কোয়ার্টারফাইনালে ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে হারের পর এটাই হবে মোহনবাগান এসজির প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। তার আগে প্রস্তুতির অঙ্গ হিসেবে ৯ সেপ্টেম্বর কিশোরভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে অংশ নিলেও, সেই ম্যাচে যে পুরো উদ্যম নিয়ে ঝাঁপাবে না মোলিনার দল, সেটা বলাই বাহুল্য। কারণ ম্যাচ প্র্যাকটিসের স্বার্থে এই ম্যাচ খেলতে গিয়ে কোনও ফুটবলারের চোট হোক, এটা চাইবেন না মোলিনা।
তবে এই ম্যাচে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা সেরে নেবেন বাগান কোচ মোলিনা। দেখে নেবেন ফুটবলারদের শারীরিক সক্ষমতা কোন জায়গায় আছে। কারণ ডুরান্ডের হারের পর মোলিনা সাফ বলেছিলেন, ফুটবলারদের খেলায় ফিটনেসের অভাবটা বেশ বোঝা গেছে। এরপর থেকে নিয়মিত অনুশীলনে মোলিনা ও তাঁর সাপোর্ট স্টাফরা ফুটবলারদের ফিটনেস বাড়ানোর জোর বাড়তি জোর দিয়েছেন। বিশেষ করে দিমিত্রি পেত্রাতোস এসেছিলেন পুরো আনফিট অবস্থায়। এখন তিনি কতটা খেলার জায়গায় এসেছেন, সেটা বোঝা যাবে ৯ সেপ্টেম্বর ম্যাচে কোচ মোলিনাকে তাঁকে মাঠে নামালে।
মাঝে জ্বরে পড়েছিলেন জেমি ম্যাকলারেন। দলের সঙ্গে এখনও অনুশীলন শুরু করেননি দুর্বল থাকায়। আলাদাভাবে অনুশীলন করছেন। তিনি ৯ সেপ্টেম্বর ম্যাচের পুরো ফিট হয়ে ম্যাচ খেলতে পারবেন বলে মনে হয় না। অনিরুদ্ধ থাপার হাল্কা চোট ছিল। সেটা কাটিয়ে উঠেছেন থাপা। তবে তাঁকেও ৯ সেপ্টেম্বর ম্যাচে খেলানোর ঝুঁকি নাও নিতে পারেন মোলিনা হাতে একাধিক বিকল্প থাকায়। অনুশীলনে চোট পেয়েছেন যুব ফুটবলার রোশন। অবশ্য তাঁর না থাকাটা ভাবাচ্ছে না বাগান শিবিরকে। কারণ তিনি চ্যাম্পিয়ন্স লিগের পরিকল্পনায় এই মুহূর্তে নেই।
মোহনবাগান ছেড়েছেন গ্রেগ স্টুয়ার্ট। ডুরান্ডে তাঁর পজিশনে ফুটবলার না থাকার অভাব বোঝা গেছে। বাগান টিম ম্যানেজমেন্ট তড়িঘড়ি সই করিয়ে নিয়ে এসেছেন ব্রাজিলিয় উইঙ্গার কাম ফরোয়ার্ড রবসন রবিনহোকে। তিনি কতটা গ্রেগের অভাব পূরণ করতে পারবেন বলা কঠিন। সবচেয়ে বড় কথা, মার্চে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর নিজের উদ্যোগে প্র্যাকটিস চালিয়ে গেলেও ১৬ সেপ্টেম্বর আহাল এফকের ম্যাচের জন্য কতটা তৈরি, সেটা সময়ই বলবে। ৯ সেপ্টেম্বর গোয়ার বিরুদ্ধে কিছু সময় খেলিয়ে তাঁকে দেখে নিতে পারেন মোলিনা।
মোহনবাগান কোচের স্বস্তির একটা বড় জায়গা। চোট সারিয়ে অনুশীলনে পুরোদমে ফিরেছেন ডিফেন্ডার শুভাশিস বসু। ডুরান্ড কাপে শুভাশিসের না থাকাটা দলকে ভুগিয়েছে। যতই নবীন অভিষেক সিং বা অন্যরা চনমনে ভাব দেখান না কেন, শুভাশিসের অভিজ্ঞতা ও দক্ষতার ধারেকাছে তাঁরা এখনও নেই। ৯ সেপ্টেম্বর রূদ্ধদ্বার প্রস্তুতি ম্যাচে গোয়ার বিরুদ্ধে শুভাশিসকে খেলতে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। চার ব্যাকে আশিস, আলড্রেড, আলবার্তোর সঙ্গে শুভাশিস দলে ফিরলে আহাল এফকের বিরুদ্ধে রক্ষণের জমাট ভাব নিয়ে অনেকটাই নিশ্চিন্ত বোধ করবেন কোচ মোলিনা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
