Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ফিফা ক্রমতালিকায় ভারতের স্থান ১৩৩। সেখানে ওমান ৭৯। সেটা মাথায় রাখছেন না ভারতীয় ফুটবল দলের কোচ খালিদ জামিল। বরং সোমবার হিসোর স্টেডিয়ামে কাফা নেশনস কাপের তৃতীয়-‌চতুর্থ স্থান নির্ণায়ক ম্যাচের খেলায় শক্তিশালী ওমানের মুখোমুখি হওয়ার আগে ভারতীয় ফুটবলারদের র‌্যাঙ্কিংয়ের ফারাক ভুলে জেতার জন্য ঝাঁপানোর কথা বলেছেন কোচ খালিদ।

তাজিকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে ইরানের সঙ্গে হারলেও শেষ ম্যাচে আফগানিস্তানের সঙ্গে গোলশূণ্য ড্র করে প্লেঅফ খেলার যোগ্যতার্জন করে ভারত। ওমান ম্যাচ নিয়ে খালিদের প্রতিক্রিয়া, ‘‌ এই টুর্নামেন্টে শুরু থেকে একটা উদ্দেশ্য নিয়ে খেলেছি আমরা। শুধু অংশগ্রহণের লক্ষ্যে নয়, বরং ভাল কিছু করার ভাবনা নিয়ে। সেই ইতিবাচক মনোভাবটা ওমান ম্যাচের আগেও রয়েছে। ওই ম্যাচেও ভাল কিছু করবে দল এই অনুভূতি হচ্ছে। জুনিয়র ও সিনিয়র মিলে লড়ে প্লেঅফে জায়গা করে নিয়েছে। এই লড়াইটা ওমান ম্যাচেও থাকবে।’‌

ওমানের কোচের ভূমিকায় আছেন কার্লোস কুইরোজ। তাঁর প্রতি সমীহ রেখেই খালিদের প্রতিক্রিয়া, ‘‌ ওমান ভাল দল। কোয়ালিটি ফুটবলারে ভরা। ওদের কোচ কুইরোজের কথা কে না জেনে। গ্রুপ পর্যায়ে ওরা ভাল ফল করেছে। তাই লড়াইটা সহজ হবে না। তবে আমরা তৈরি মাঠে নেমে সেরা দিতে।’‌

ওমানের বিরুদ্ধে ১০টি সাক্ষাতের মধ্যে ৭টিতে হেরেছে ভারত। ৩টি ড্র করেছে। তবু সেই ফল মাথায় রাখতে নারাজ খালিদ। তাঁর বক্তব্য, ‘‌এটা সম্পূর্ণ নতুন ম্যাচ, নতুন চ্যালেঞ্জ। ভাল ফলের জন্যই খেলব। গোল কীভাবে এল, সেটা বড় কথা নয়। দিনের শেষে ফলটাই আসল। সেটা ওপেন প্লে থেকে হোক বা সেট পিস থেকে।’‌

চোট পেয়ে কাফা নেশনস কাপ থেকে ছিটকে গেছেন সন্দেশ ঝিঙ্গান। স্বাভাবিকভাবেই রক্ষণে নেতৃত্ব দেওয়ার বাড়তি দায়িত্ব এসে পড়েছে স্টপার আনোয়ার আলির কাঁধে। আফগানিস্তান ম্যাচে আনোয়ারের পারফরমেন্স ম্যাচের সেরা স্বীকৃতি এনে দেয় তাঁকে। ওমানের বিরুদ্ধেও তিনি সেরা দিতে তৈরি। জানালেন, ‘‌ সন্দেশ ভাইয়ার না থাকাটা অবশ্যই বড় মিস দলের পক্ষে। আশা করব, সন্দেশ ভাই দ্রুত মাঠে ফিরবে। যতক্ষণ না ফিরছে, ততক্ষণ ওর জায়গাটা পূরণের জন্য মিলিত প্রচেষ্টা জরুরি।’‌

ওমান ম্যাচ নিয়ে আনোয়ারের বক্তব্য,‘‌ কাফা নেশনস কাপে আমাদের পারফরমেন্স বেশ ইতিবাচক। সবচেয়ে বড় কথা প্লেঅফে যাওয়ায় আমরা একটা অতিরিক্ত প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি ওমানের মতো দলের বিরুদ্ধে। এটা অবশ্যই বড় প্রাপ্তি। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ৯ ও ১৪ অক্টোবর ম্যাচ খেলার আগে এই ম্যাচগুলো খেলে নিজেদের অবস্থান ও ক্ষমতা বুঝে নিতে পারছি। নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগও।’‌ ওমান ম্যাচ জিতে তৃতীয় হয়ে নজির গড়তে মরিয়া আনোয়ার। ‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *