Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ইন্ডিয়ান উইমেন্স লিগ(‌আইডব্লিউএল)‌ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল ইতিমধ্যেই ২০২৫-‌২৬ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে উঠে ইতিহাস গড়েছে। আগস্টের শেষে কম্বোডিয়ার ফেনম পেনেতে অনুষ্ঠিত প্রাথমিক পর্বে শীর্ষে থেকে গ্রুপ পর্বে গেছে লাল হলুদের মেয়েরা। বৃহস্পতিবার কুয়ালালামপুরে এএফসি দপ্তরে গ্রুপ পর্বের ড্র হয়।

তাতে গ্রুপ বি-‌তে পড়েছে ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল। সঙ্গীতা বাসফোরদের প্রতিপক্ষ আয়োজক দেশ ও গতবারের চ্যাম্পিয়ন চীনের দল ইউহান জিয়াংদা ডব্লিউ এফসি, ইরানের বাম খাতুন এফসি, উজবেকিস্তানের পিএফসি নাসাফ। চীনের উইমেন্স সুপার লিগের ৫বারের ও ২০২৪-‌২৫য়ের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন ইউহান জিয়াংদা। ইরানের বাম খাতুন গতবারের কোয়ার্টাফাইনালিস্ট। নাসাফ উজবেকিস্তান লিগের ১৬ বারের চ্যাম্পিয়ন দল। নিঃসন্দেহে কঠিন প্রতিপক্ষের সামনে লাল হলুদের মেয়েরা। গ্রুপ বি-‌র এই ম্যাচগুলি হবে চীনের ইউহানে ১৭ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। ৩টি গ্রুপের শীর্ষে থাকা দল, ৩ গ্রুপ রানার্স ও ২টি সেরা তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টারফাইনালে খেলার সুযোগ পাবে।

কঠিন গ্রুপ ও প্রতিপক্ষ নিয়ে ইস্টবেঙ্গল মহিলা দলের কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজের বক্তব্য, ‘‌ আমরা কঠিন গ্রুপে পড়েছি। প্রতিটি প্রতিপক্ষই শক্তিশালী। লড়াইটা সহজ নয়। তবে চ্যালেঞ্জটা নিতে হবে ভাল কিছু করতে। আমাদের ফোকাস বা লক্ষ্যটা খুব পরিষ্কার। শৃঙ্খলার সঙ্গে প্রস্তুতি সারতে হবে। আবেগের সঙ্গে মাঠে লড়তে হবে। ক্লাব, সমর্থক ও দেশের সম্মানের কথা মাথায় রেখে। এটা আমাদের কাছে শুধু একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, নিজেদের ও ক্লাবের পরিচিতি ও ক্ষমতা প্রদর্শনের মর্যাদার মঞ্চ। সেটাকে ভালভাবে কাজে লাগাতে হবে।’‌

ইস্টবেঙ্গল ক্লাবের তারকা মহিলা ফুটবলার সঙ্গীতা বাসফোর, ফাজিলা ইকোয়াপুট, সৌম্যা গুগুলোথ, আমিনা নাবাবিরা সেটা মাথায় নিয়েই লাল হলুদ জার্সি গায়ে প্রতিযোগিতায় সেরা দিতে মাঠে নামবেন।

ইস্টবেঙ্গলের ম্যাচ:‌ বাম খাতুন এফসি(‌১৭ নভেম্বর)‌, ইউহান জিয়াংদা ডব্লিউ এফসি (‌২০ নভেম্বর)‌, পিএফসি নাসাফ (‌ ২৩ নভেম্বর)‌।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *