দীনেশ কার্ত্তিক
অলস্পোর্ট ডেস্ক: আইসিসি বিশ্বকাপ ২০২৩ শুরু হতে আর মাত্র দু’মাস বাকি। কিন্তু ভারতীয় দল এখনও ঠিক করে উঠতে পারেনি বিশ্বকাপ দলের উইকেটকিপার ব্যাটসম্যান কে হবেন। তারই মধ্যে এক ভক্তকে দীনেশ কার্তিক কথা দিলেন, তাঁকে বিশ্বকাপে দেখা যাবে। তবে সেটা কীভাবে সেকথা জানাননি তিনি।
ঘরের মাঠে বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত ভারতীয় ক্রিকেট দল। কিন্তু তাঁদের এখনও কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে। ভারতীয় দলের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখনও চোটের জন্য দলের বাইরে। তাই টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের দল নিশ্চিত করতে পারছে না। যদিও জসপ্রীত বুমরাহ চোট কাটিয়ে ফিরে আসছেন দলে, যা দলের জন্য সুখবর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনি। তবে এখানেই শেষ নয়। গত বছর গাড়ি দুর্ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ। তাঁর অনুপস্থিতিতে দল এখনও তাদের প্রথম পছন্দের উইকেটকিপার ব্যাটসম্যানকে হবেন তা নিয়ে সংশয়ে রয়েছে।
বর্তমানে এই পজিশনে খেলানোর জন্য ভারতীয় দলের কাছে তিনজন বিকল্প রয়েছে। যাঁরা হলেন কেএল রাহুল, ঈশান কিষান এবং সঞ্জু স্যামসন। কিষান এবং স্যামসন বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে রয়েছেন। কিন্তু রাহুল এখনও ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন।
এই তিনজন খেলোয়াড়ের মধ্যে একজনকে উইকেটরক্ষক হিসেবে বাছতে বলা হলে, একজন ভক্ত জানান তিনি দলের অভিজ্ঞ খেলোয়াড় দীনেশ কার্তিককে গ্লাভস হাতে দেখতে চান বিশ্বকাপ ২০২৩-এ। ভক্তের মন্তব্যের জবাবে কার্তিক তাঁকে আশ্বস্ত করেন যে তিনি উপস্থিত থাকবেন বিশ্বকাপ ২০২৩-এ। ‘‘আপনি আমাকে বিশ্বকাপে দেখতে পাবেন। এটা নিশ্চিত।“
প্রসঙ্গত, শেষ টি২০ বিশ্বকাপের পর থেকে দীনেশ কার্তিক একটাও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তিনি শেষ একদিনের ম্যাচ খেলেছেন ২০১৯-এ ইংল্যান্ডের বিপক্ষে। বর্তমানে তিনি স্কাই স্পোর্টসের ‘দ্য হান্ড্রেড’ এডিশনে ধারাভাষ্য করছেন। যেহেতু কার্তিককে নিয়ে ভবিষ্যতে দলের কোনও পরিকল্পনা নেই, তাই আশা করা যায় বিশ্বকাপ ২০২৩-এ তাঁকে মাইক হাতেই দেখা যাবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
