Cart Total Items (0)

Cart

All Sports
যশপ্রীত বুমরাহ

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দল টি২০ সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে। সেই মতো দলও ঘোষণা হয়ে গিয়েছে আগেই। কিন্তু কোচ কে যাবেন সেই দলের সঙ্গে তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েই গিয়েছে। যদিও এটা নিশ্চিত সিনিয়র দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে বিশ্রাম দেবে বোর্ড, এই সিদ্ধান্ত আগেই হয়ে গিয়েছিল। সেই মতো মনে করা হয়েছিল এবং কানাঘুঁষো শোনা যাচ্ছিল এই দলের সঙ্গে আয়ারল্যান্ড সফরে কোচ হিসেবে যেতে পারেন ভিভিএস লক্ষ্মণ। তবে যা খবর তাতে তিনিও যাচ্ছেন না আয়ারল্যান্ডে। ভারতের দুই কোচের অনুপস্থিতিতে কে হবেন আয়ারল্যান্ড সফরের কোচ? এখন এটাই লাখ টাকার প্রশ্ন। নাম উঠে আসছে তরুণ সীতাংশু কোটকের। কে এই সীতাংশু কোটাক? তিনি বর্তমানে এনসিএ-তে ভারত এ দলের প্রধান কোচ।

একাধিক রিপোর্ট অনুসারে, লক্ষ্মণের আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার কথা ছিল কিন্তু তাঁর সামনে রয়েছে অন্য দায়িত্ব। বেঙ্গালুরুর কাছে একটি হাই-পারফর্ম্যান্স প্রশিক্ষণ শিবির তত্ত্বাবধানের দায়িত্ব উঠতে চলেছে তাঁর কাঁধে। এই শিবিরটি তিন সপ্তাহ চলবে, যার ফলে ১৮ অগস্ট থেকে শুরু হতে চলা আয়ারল্যান্ড সফরে তাঁকে পাওয়া যাবে না। দলের বোলিং কোচ হিসেবে সাইরাজ বাহুতুলে কোটাকের সঙ্গে থাকবেন বলেও জানা গিয়েছে।

“কোটাক এবং সাইরাজ বাহুতুলে (বোলিং কোচ) জসপ্রীত বুমরাহ অ্যান্ড কোং-এর সঙ্গে তিন ম্যাচের টি২০ সিরিজে (অগস্ট ১৮-২৩) দলের দায়িত্বে থাকবে। কারণ, লক্ষ্মণ ১৬ অগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত হাই-পারফর্ম্যান্স ক্যাম্পের দায়িত্বে থাকবেন, যার জন্য তরুণরা অভিষেক শর্মা, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রভসিমরান সিং, সাই সুদর্শন, আকাশ সিং, রাজবর্ধন হাঙ্গারগেকার এবং দিব্যাংশ সাক্সেনাকে বিসিসিআই-এর তরফে ডাকা হয়েছে, “টাইমস অফ ইন্ডিয়া সূত্রের খবর।

এই সিরিজে শুধুমাত্র টি২০-ই রয়েছে, তবে জসপ্রিত বুমরাহের প্রত্যাবর্তনের কথা মাথায় রেখে ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ, এবং এতে রুতুরাজ গায়কওয়াড়, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, জিতেশ শর্মার মতো উদীয়মান তরুণ ক্রিকেটাররা রয়েছেন।

সিতাংশুর ভারতীয় ‘এ’ দলকে দু’বছর কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এবং আয়ারল্যান্ডগামী দলে সুযোগ তাঁকে পরবর্তী প্রজন্মের কিছু ভারতীয় খেলোয়াড়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করতে সাহায্য করবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *