অলস্পোর্ট ডেস্ক: রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের পর নিজেকেই দোষ দিলেন হার্দিক পাণ্ড্যে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ হেরেই ফিরতে হচ্ছে হার্দিকদের। দু’দলই দুটো করে ম্যাচ জিতেছিল। রবিবার টি২০ সিরিজের শেষ ম্যাচ জিতে সিরিজ জেতে ক্যারাবিয়ানরা। হাতে ৮ উইকেট ও ১২ বল বাকি থাকতেই তাঁদের লক্ষ্য রান ১৬৬ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ দল।
ম্যাচ শেষে হার্দিক স্বীকার করেন ১০ ওভারের পরে তাঁদের দলের ছন্দপতনই তাঁদের হারের একমাত্র কারণ। ভারতীয় দল এই দ্বীপাক্ষিক টি২০ সিরিজ ২-৩-এ হেরে যায়। তিনি বলেন, ‘‘১০ ওভারের পরেই আমরা হারতে শুরু করি। আমি দলকে ঠিক মতো নেতৃত্ব দিতে পারিনি। প্রত্যেকটা খেলা থেকেই আমরা কিছু শিখতে পারি। সিরিজ কোথায় হচ্ছে সেটা বড় কথা নয় আসল কথা আমাদের লক্ষ্য কী। আমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে।’’
তিনি বলেন, ‘‘আমাদের আরও ভাল করা উচিত ছিল। আমাদের এত ব্যাখা দেওয়ার প্রয়োজন নেই। আমি জানি দলের সবাইকে। আমাদের কাছে অনেক সময় আছে আমাদের ভুল শুধরে নেওয়ার। মাঝে মাঝে ভুল করাও ভাল। এই ভুল থেকেই অনেক কিছু শেখা যায়। হার-জিত খেলার একটা অংশ। তা থেকে সবসময়ই শেখা উচিত।’’
ভারতের হারের পর হার্দিক পাণ্ড্যেকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। কিন্তু তিনি এসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন। তিনি বলেছেন, ‘‘আমি কখনওই প্ল্যান করে কিছু করি না। আমার মন যেটা বলে আমি সেটাই শুনি।’’
যশস্বী জয়সওয়াল এবং তিলক ভর্মা ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ম্যাচ হারলেও পাণ্ড্যে তাঁদের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘‘ওরা সবার মন জয় করে নিয়েছে। ওরা যথেষ্ট দায়িত্ববান।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
