পিভি সিন্ধু
অলস্পোর্ট ডেস্ক: দু’বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুর ষষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকের স্বপ্ন শুক্রবার ইন্দোনেশিয়ার পুত্রী কুসুমা ওয়ারদানির কাছে তিন গেমের হাড্ডাহাড্ডি কোয়ার্টার ফাইনাল থ্রিলারের সঙ্গেই শেষ হয়ে গিয়েছে। এদিন তিনি ১৪-২১ ২১-১৩ ১৬-২১-এ নবম বাছাই ওয়ারদানির কাছে ৬৪ মিনিটের লড়াই শেষে হার স্বীকার করে নেন। আগের দিন, ধ্রুব কপিলা এবং তানিশা ক্র্যাস্টোর ভারতীয় মিক্স ডবলস জুটি বিশ্বের চার নম্বর মালয়েশিয়ান চেন তাং জেই এবং তোহ ই ওয়েইয়ের কাছে ১৫-২১ ১৩-২১-এ হারের সঙ্গেই পদকের আশা শেষ হয়ে যায়।
হায়দরাবাদের ৩০ বছর বয়সী সিন্ধু, ২০১৩ সালে গুয়াংজুতে তাঁর প্রথম পদক জিতেছিলেন। এক বছর পরে তিনি কোপেনহেগেনে তাঁর তালিকায় আরও একটি ব্রোঞ্জ যোগ করেছিলেন, ২০১৯ সালে বাসেলে সোনা দিয়ে ইতিহাস রচনা করার আগে গ্লাসগো (২০১৭) এবং নানজিং (২০১৮)-এ রানার্সআপ হয়েছিলেন।
সিন্ধু, একমাত্র ভারতীয় যিনি পর পর দু’বার অলিম্পিক পদক জিতেছেন – রিও ২০১৬-তে রুপো এবং ২০২৯ টোকিওতে ব্রোঞ্জ – ২০২২ কমনওয়েলথ গেমসে পদকের পর থেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন৷ সেই বছরই সিঙ্গাপুর ওপেন ছিল তাঁর শেষ উল্লেখযোগ্য শিরোপা।
চোট, র্যাঙ্কিংয়ে নেমে যাওয়া এবং ঘন ঘন কোচিং পরিবর্তন প্যারিস অলিম্পিকে তার ছন্দে ব্যাঘাত ঘটায়, যেখানে তার তৃতীয় অলিম্পিক পদকের স্বপ্ন শেষ হয়ে যায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
