Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ আইপিএলের ধাঁচে চলতি বছর থেকেই শুরু হয়েছে মহিলা প্রিমিয়ার লিগ। ভারতীয় মহিলা ক্রিকেটের উন্নতি ঘটানোই এর প্রধান লক্ষ্য। শেফালি বর্মা, স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কৌরদের মতো তারকাদের বিশ্ব পর্যায়ের জন্য আরও বেশি তৈরি করে দেওয়াই লক্ষ্য এই টুর্নামেন্টের। কিন্তু জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্ট কি আদৌও বদলে দিতে পারবে ভারতীয় মহিলা ক্রিকেটের চিত্রকে? তা নিয়ে কিন্তু সন্দেহ রয়েই গেছে বিশেষজ্ঞদের মনে। যে মহিলা ক্রিকেটের উন্নতির জন্য চালু হয়েছে মহিলা প্রিমিয়ার লিগ, সেই ভারতীয় সিনিয়র মহিলা দলের শেষ ছয় মাস ধরে নেই কোন স্থায়ী হেড কোচ! অনেকেই এই ক্ষেত্রে বিসিসিআই-এর গা ছাড়া মনোভাবকে দায়ী করছে।

প্রসঙ্গত বিসিসিআইয়ের তরফে ২ মে সিনিয়র মহিলা দলের হেড কোচ পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল। তারপরে একমাসের উপর সময় কেটে গিয়েছে। কিন্তু এতটুকু ও বদলায়নি চিত্র। এখনও পর্যন্ত ইন্টারভিউ পর্যন্ত নেওয়া হয়নি। বিশেষজ্ঞ মহলের বক্তব্য বিসিসিআই এই মুহূর্তে পুরুষ ক্রিকেট নিয়েই ব্যস্ত। এশিয়া কাপ, বছর শেষে ওডিআই বিশ্বকাপের আয়োজন নিয়ে ব্যস্ত তারা। তাদের হাতে মহিলা ক্রিকেটের জন্য দেওয়ার সময় কোথায়? প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকেই।

ভারতীয় মহিলা ক্রিকেটে পুরুষদের সমান বেতন দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। সেই মহিলা দলের ২০১৮ সালের টি-২০ বিশ্বকাপের পর থেকে কোনও দীর্ঘ মেয়াদি হেড কোচই নেই! পেশাদার বোর্ডের কতটা অপেশাদার মানসিকতা হলে এটা বাস্তবে সম্ভব, তা বুঝে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। ২০২১ সালের মে মাসে দলের দায়িত্ব নিয়েছিলেন রমেশ পাওয়ার। পরবর্তীতে তাঁকে সরিয়ে বেঙ্গালুরুর এনসিএ-তে নিয়ে গিয়েছে বিসিসিআই। তার পর থেকেই ফাঁকা পড়ে রয়েছে ভারতীয় সিনিয়র মহিলা দলের হেড কোচের পদটি। দক্ষিণ আফ্রিকাতে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের ব্যাটিং কোচ হৃষীকেশ কানিতকর অন্তর্বতীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলান। অস্ট্রেলিয়ার ট্রয় কুলিকে দেওয়া হয় বোলিং কোচের দায়িত্ব।

ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সদস্য অশোক মালহোত্র, সুলক্ষণা নায়েক এবং যতিন পরাঞ্জপের কাঁধে দায়িত্ব রয়েছে আবেদনকারীদের মধ্যে থেকে বাছাই করে শর্টলিস্ট করে বিসিসিআইয়ের কাছে পাঠানোর। তবে ভারতীয় মহিলা দলের সম্ভাব্য কোচ হিসেবে মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার অমল মজুমদার, ইংল্যান্ডের অধিনায়ক চার্লট এডওয়ার্ডসের নাম ঘোরাফেরা করছে। চার্লটের প্রশিক্ষণেই মহিলা প্রিমিয়ার লিগ প্রথম মরশুমে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পাশাপাশি প্রাক্তন ভারতীয় তারকা নুহসিন আল খাদিরকেও অনেকে সম্ভাব্য হেড কোচ হিসেবে দেখছেন। তাঁর প্রশিক্ষণেই ভারতীয় অনুর্ধ্ব-১৯ দল আইসিসির বিশ্বকাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। সামনের মাসেই বাংলাদেশ সফরে যাবে ভারতীয় মহিলা দল। তার আগেই এই কোচ নিয়োগ সেরে ফেলতে চাইবে বিসিসিআই। বর্তমানে এই সিরিজের প্রস্তুতি সারতে এবং অনুশীলন‌ করতে বেঙ্গালুরুর এনসিএ-তে রয়েছেন ক্রিকেটাররা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *