নিজের স্মৃতি শেয়ার করলেন রায়না, ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্কঃ আমস্টারডামে ভারতীয় স্বাদের রেস্তোরাঁ নিয়ে হাজির সুরেশ রায়না । ভারতীয় ক্রিকেট দল ও চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘদিন খেলেছেন সুরেশ রায়না। ক্রিকেটের প্রতি তাঁর অবদানও অনেক। কিন্তু খেলার পাশাপাশি খাবারের প্রতিও তাঁর ভালবাসা রয়েছে। অনেকবারই তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে বাড়িতে রান্না করার ছবি শেয়ার করেছেন । তবে রান্না ছেড়ে এবার আমস্টারডামে নিজের রেস্তোরাঁ খোলার সিদ্ধান্ত নিয়েছেন রায়না। ট্যুইটারে একটি বিস্তারিত পোস্ট করে এই রেস্তোরাঁর কথা জানান প্রাক্তন ক্রিকেটারটি।
এই পোস্টের ক্যাপশনে রায়না বলেছেন “আমি খুব খুশি আমস্টারডামে ভারতীয় রেস্তোরাঁ চালু করতে পেরে, যেখানে খাবার এবং রান্নার প্রতি আমার আবেগ মিশে আছে। অনেক বছর ধরে আপনারা আমার খাবার এবং রান্নার প্রতি আগ্রহের সাক্ষী থেকেছেন। এবার আমি ইউরোপের বুকে ভারতের বিভিন্ন প্রান্তের রান্নার খাঁটি স্বাদের আস্বাদ ছড়িয়ে দিতে চাই।’’তিনি আরও বলেন, “আমার সঙ্গে আপনারাও যুক্ত হন এই অসাধারন গ্যাসট্রোনোমিক যাত্রায়। আরও জিভে জল আনা নতুন রান্না এবং খাবারের সৃষ্টির খবর পেতে এবং আমার নতুন রেস্তোরাঁর সম্পর্কে জানতে আমার সঙ্গে থাকুন। “
রায়না জানিয়েছেন এই রেস্তোরাঁয় ভারতে যে রান্নার পদের একাধিক বৈচিত্র্য রয়েছে তা সেলিব্রেট করা অর্থাৎ উদযাপন করাই হল তাঁর লক্ষ্য। যার প্রতিফলন রয়েছে রেস্তোরাঁর মেনু কার্ডেও। প্রসঙ্গত, রায়নার স্ত্রী প্রিয়াঙ্কা চৌধুরি রায়না আমস্টারডমেই থাকতেন। ফলে ভারতীয় এই প্রাক্তন ক্রিকেটার আমস্টারডামের সঙ্গে খুবই পরিচিত। এবার সেখানেই রেস্তোরাঁ খুললেন।
খাবারের উত্তেজনার মতই রায়না আমাদের দেশকে অনেক উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচ উপহার দিয়েছেন। ৩৬ বছর বয়সি এই উপরের সারির ব্যাটসম্যান ১৮টি টেস্ট ম্যাচ , ২২৬টি একদিনের ম্যাচ এবং ৭৮টি টি-২০ ম্যাচ খেলেছেন ভারতের হয়ে। সব রকম ফরম্যাট মিলিয়ে ৭০০০ এর উপর রান করেছেন তিনি। এছাড়াও ২০০৮ থেকে ২০২১ পর্যন্ত সব কটা আইপিএল টুর্নামেন্টে তিনি খেলেছেন। রায়না মোট ২০৫টি আইপিএল ম্যাচ খেলেছেন এবং ৫৫০০ রান করেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
