যশস্বী জয়সওয়াল
অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৩-এ রাজস্থান রয়্যালসের হয়ে চুটিয়ে রান করেছেন বাঁ-হাতি ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল । এই উঠতি তারকা ভারত বনাম অস্টেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে স্টান্ডবাই হিসেবে দলে জায়গা পেয়েছিলেন। ভারতীয় দলের সঙ্গে উড়ে গিয়েছিলেন ইংল্যান্ডেও। এবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিস টেস্ট ম্যাচে সরাসরি দলে জায়গা পেলেন যশস্বী।
টাইমস্ অফ ইন্ডিয়ার একটি ইন্টারভিউতে যশস্বী বলেন, “ আমার বাবা খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন। আমি কিছুটা আতঙ্কে ছিলাম কিন্তু যে মুহূর্তে আমার নির্বাচনের খবর পেলাম, আমি স্বস্তি পেলাম। আমি অনেকটা পথ পেরিয়ে এসে সাফল্য পেয়েছি। আমার এই যাত্রায় যাঁরা আমার পাশে ছিলেন তাঁদেরকে অনেক ধন্যবাদ।“
২১ বছর বয়সি এই ক্রিকেটার যশস্বীর কষ্টকর জীবন সংগ্রাম সত্যিই মনে দাগ কাটার মতোন। মাত্র ১১ বছর বয়সে তাঁকে উত্তরপ্রদেশের নিজের গ্রাম ছেড়ে চলে আসতে হয় মুম্বই শহরে। মুম্বইতে খেলা শেখার পাশাপাশি তাঁকে আয়ের জন্য বিক্রি করতে হত ফুচকা। সারাদিনের খাটুনির পর মাথা গোঁজার জায়গা ছিল সামান্য তাঁবু। আজাদ ময়দানে তাঁবু খাটিয়ে রাতের পর রাত কাটাতে হয়েছে তাঁকে। যশস্বীর এই কঠিন জীবন সংগ্রাম এখন অনেকের কাছে অনুপ্রেরণা।
২০২৩, আইপিএল-এ পঞ্চম সর্বোচ্চ রানাধিকারী ছিলেন যশস্বী। ১৪টি ম্যাচে মোট ৬২৫ রান করে গড় রানরেট ৪৮.০৮, সঙ্গে একটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ সেঞ্চুরি। যশস্বী জয়সওয়ালের কেরিয়ারে ২০২৩ সত্যিই একটি সফলতম বছর। টেস্ট ম্যাচের জন্য নিজেকে পুরোদমে প্রস্তুত করছেন তিনি। সব ধরণের চ্যালেঞ্জের জন্য তৈরী তিনি। আগামী ১২ জুলাই উইন্ডসর পার্ক, ডমিনিকা-তে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
