এমসিসির কমিটিতে জায়গা পেলেন ঝুলন গোস্বামী। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্কঃ ভারত তথা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী । ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাঁর নাম। আন্তর্জাতিক ক্রিকেট-সহ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেকদিন হয়ে গেল। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন কোচিং স্টাফ হিসেবে কাজ করতে। তবে তাঁর জনপ্রিয়তাতে একটুও ভাটা পড়েনি। আর তার প্রমাণও পাওয়া গেল ফের একবার। ক্রিকেট জীবনে তাঁর পারফরম্যান্সের উপহারস্বরূপ তাঁকে এক বিশেষ সম্মানের পদ দেওয়া হল।
এমসিসি অর্থাৎ মেরিলবোর্ন ক্রিকেট ক্লাবের তরফে তাদের ক্রিকেট কমিটি ঘোষণা করা হয়েছে। ঐতিহ্যবাহী এই কমিটিতেই জায়গা পেয়েছেন আদরের বাংলার মেয়ে ঝুলন গোস্বামী। তবে ঝুলনের পাশাপাশি আরও দুই প্রাক্তন ক্রিকেটারের প্রতিও এই সম্মান দেখিয়েছে এমসিসি। আর তাঁরা হলেন ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার হেথার নাইট। এছাড়াও জায়গা হয়েছে ইংল্যান্ডের হয়ে পুরুষদের ক্রিকেটে এখনও পর্যন্ত দেশকে একমাত্র বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক ইয়ন মর্গ্যানেরও। অর্থাৎ এই এমসিসির ক্রিকেট কমিটিতে জায়গা হয়েছে ঝুলন গোস্বামী, হেথার নাইট এবং ইয়ন মর্গ্যানের।
গোটা বিশ্বে ক্রিকেটের আইন প্রনয়ন এবং পরিবর্তনের দায়িত্বে রয়েছে এমসিসি। তাদের পরামর্শেই এই বিষয়ে কাজ করে থাকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ফলে এবার ক্রিকেটের আইন পরিবর্তন কিংবা নতুন নিয়ম আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ভারতের এই প্রাক্তন মহিলা পেসার।
এমসিসির বিশ্ব ক্রিকেট কমিটিতে এলেন তিনজন প্রাক্তন ক্রিকেটার। লর্ডসে এমসিসির মিটিংয়ের আগেই ক্রিকেট কমিটিতে তিনজনের সংযুক্তির বিষয়ে অফিসিয়াল ঘোষণা করা হয়। এমসিসির এই কমিটিতে সাধারণত বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটার, আম্পায়ার এবং অফিসিয়ালরা জায়গা পান। যাঁদের অন্যতম হলেন বিশ্বের অন্যতম সেরা পেসার ঝুলন গোস্বামী।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
