অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সূচি ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। ৮ অক্টোবর ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর ১৫ অক্টোবর আহমেদাবাদে রয়েছে ভারত-পাক ম্যাচ।
সূচি অনুযায়ী পাকিস্তান খেলবে ২০ অক্টোবর ও ২৩ অক্টোবর অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরূদ্ধে। বেঙ্গালুরু ও চেন্নাইয়ে হবে এই দু’টি ম্যাচ। কিন্তু পিটিআই-এর একটি রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে না তাদের দল চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে খেলুক। অস্ট্রেলিয়ার সঙ্গেও বেঙ্গালুরুতে খেলতে তাঁরা ঠিক স্বচ্ছন্দ নয়, কারণ সেই স্পিন।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলেন, ‘‘আমাদের বিশ্বকাপে অংশ নেওয়া এবং আহমেদাবাদে ১৫ অক্টোবর ম্যাচ খেলতে যাওয়া, পুরোটাই নির্ভর করছে সরকার থেকে ছাড়পত্র পাওয়ার উপর।’’ তিনি জানান, ভারতে খেলতে যাওয়ার জন্য পাক সরকার এখনও কোনও এনওসি জারি করেনি। ফলে বোর্ড সরকারের থেকে নির্দেশ পাওয়ার পরই স্পষ্ট তথ্য জানাতে পারবে।
পিটিআই-কে তিনি বলেন, “পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি-কে পরিষ্কার জানিয়ে দিয়েছে সরকারি ছাড়পত্র পাওয়ার পরই, আমাদের টুর্নামেন্ট খেলা এবং স্টেডিয়াম নিয়ে কোনও অসুবিধার কথা আমরা আলোচনা করব।”
পাকিস্তানের পেসার ওয়াসিম আক্রম আবার বলছেন অন্য কথা। তিনি ক্রিকেট পাকিস্তানের সাংবাদিক-কে বলেন, “পাকিস্তান দলের কোনও সমস্যা নেই।যেখানেই ম্যাচ হবে, সেখানেই দলকে খেলতে হবে। ভেন্যু নিয়ে এই আলোচনা অকারণ চাপ ছাড়া আর কিছু নয়।যদি কোনও পাকিস্তান ক্রিকেটারকে এই নিয়ে জিঞ্জাসা করা হয় দেখা যাবে তাতে তাদের কিছু এসে যায় না। সূচি অনুযায়ী যে কোনও জায়গায় তারা খেলবে।”
পাকিস্তান এই টুর্নামেন্ট খেলার জন্য সরকারি চুক্তিতে সাক্ষর করেছে। ফলে তারা বিশ্বকাপ খেলতে বাধ্য।এই নিয়ে কোনও বিতর্ক নেই। দেশের নিয়ম-নীতি মেনে চলা প্রত্যেকের কর্তব্য। আমাদের বিশ্বাস পাকিস্তান আইসিসি টুর্নামেন্ট খেলতে ভারতে আসবে।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
