অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার প্যারিসের একটি শহরে পুলিশের গুলিতে মৃত্যু হয় ১৭ বছরের কিশোর নাহেলের। তারপর থেকেই ফ্রান্স-সহ অন্যান্য প্রতিবেশী শহরগুলিতে শুরু হয়েছে বিক্ষোভ। যা শুক্রবার পর্যন্ত ফ্রান্সে চতুর্থ রাতে গড়িয়েছে। এই ঘটনার পর পরই ফরাসি ফুটবল তারকা কেলিয়ান এমবাপে এই ঘটনার তীব্র নিন্দা করেন। সোশ্যাল মিডিয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।
বর্তমানে বিক্ষোভের জেরে জটিল হয়ে উঠেছে ফ্রান্সের পরিস্থিতি। এরই মধ্যে ফরাসি জাতীয় দলের অধিনায়ক এবং দলের তরফ থেকে দেওয়া হল শান্তির বার্তা।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে পিএসজি তারকা বলেছেন, “প্রত্যেক ফরাসি নাগরিকের মতো আমরাও কিশোর নাহেলের নৃশংস হত্যায় মর্মাহত। আমরা তাঁকে এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।’’
“আমরা জানি এই ধরনের মর্মান্তিক ঘটনার পর অসংবেদনশীল হয়ে পড়াটা স্বাভাবিক। তবে এই ঘটনার পর থেকেই আমরা ক্ষোভ রাগের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। যার গুরুত্ব আমরা বুঝতে পারলেও সমর্থন করতে পারছি না,“ ফরাসি ফুটবল দল নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই বার্তা দিয়েছে।
খেলোয়াড়রা আরও বলেছেন, ”যতই যন্ত্রনা, দুঃখ থাকুক না কেন, রেগে আপনারা নিজেদের সম্পত্তি নিজেরাই ধ্বংস করছেন। নিজেদের শহর ও নিজেদেরই পরিবেশ নষ্ট করছেন।”
“হিংসার দ্বারা পরিস্থিতি ঠিক করা সম্ভব নয়। আরও অনেক শান্তিপূর্ণভাবে আমাদের পরিস্থিতি সামাল দিতে হবে। এই ভাবে শক্তি ও চিন্তার লক্ষ্যে স্থির থাকা সম্ভব।“
ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেঁশ ভক্তদের উদ্দেশ্যে একটি পৃথক বার্তায় বলেন, ‘‘খেলোয়াড়দের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। নাহেলের পরিবারের জন্য আমাদেরও চিন্তা রয়েছে। কাউকে কোনও শিক্ষা আমি দিতে চাই না, আমি নিজে মনে করি হিংসার দ্বারা কোনও দিনই পরিস্থিতি সামলানো যায় না। আশা করছি দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটবে।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
