Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ এএফসি ও ফিফা থেকে চিঠি আনিয়েছিলেন এআইএফএফের পদে থাকা কর্তারা। তাতে এএফসি ও ফিফা সাফ জানিয়েছিল, বর্তমানে যে কার্যকরী কমিটি ক্ষমতায় আছে, তারা ফেডারেশনের সংবিধান মেনে নির্বাচিত। তাই তাদের কার্যকালের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সরানো যাবে না। সেই মেয়াদ পূর্ণ হলে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন সম্ভব। এএফসি ও ফিফার সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন সুপ্রিম কোর্টের বিচারপতির বেঞ্চ। মাননীয় বিচারপতি পিএস নরসিমা ও জয়মাল্য বাগচীর বেঞ্চ রায় দেন ফেডারেশন সভাপতি কল্যান চৌবে সহ নির্বাচিত সদস্যদের এইমুহূর্তে পদে থাকতে কোনও সমস্যা নেই। যেহেতু পরের বছর অর্থাৎ ২০২৬য়ের সেপ্টেম্বর পর্যন্ত এই কমিটির মেয়াদ রয়েছে, তাই ওই সময় পর্যন্ত বর্তমান কমিটি কাজ চালিয়ে যাবেন। নির্বাচন হতে পারে তারপর।

এতে ফেডারেশন সভাপতি কল্যান চৌবে ও তাঁর কার্যকরী কমিটির হাত শক্ত হয়। কল্যান সুযোগ পান টালমাটাল অবস্থা থেকে বেরিয়ে আসার। কল্যান সেব্যাপারে কিছুটা যে সফল, সেটা বলতেই হবে। কারণ যতই কল্যানের ভূমিকা নিয়ে ঘরে বাইরে অনেক কথা উঠুক, সদ্য হয়ে যাওয়া এআইএফএফের বার্ষিক সাধারন সভায় তাঁর বিরুদ্ধে কার্যকরী কমিটি দূরে থাক কোনও মেম্বার অ্যাসোসিয়েশনের সদস্য সভায় অনাস্থা প্রস্তাব আনেননি। যে করেই হোক, ভারতীয় ফুটবলের ঘোর অচলাবস্থার মাঝেও যে কল্যান সভাপতি পদে থেকে গেলেন, এটা অবশ্যই একটা আশ্চর্যের বিষয়।

কল্যানের আরও হাত শক্ত হল, বলা ভাল সভাপতি পদে থাকার কার্যকাল বাড়ল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের দেওয়া নয়া নির্দেশিকায়। তাতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, দেশের সহকটি জাতীয় ফেডারেশনের নির্বাচন ২০২৬য়ের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। যদি এই সময়ের মাঝে কোনও ক্রীড়াসংস্থার কর্তাদের পদে থাকার মেয়াদ পূর্ণ হয়েও যায়, নতুন নির্বাচনের সময় এসেও যায়, তাহলেও তারা ২০২৬ ডিসেম্বর পর্যন্ত বহাল তবিয়তে থাকতে পারবে। এই সিদ্ধান্তের ফলে বিসিসিআই, এআইএফএফ, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন ক্রীড়াসংস্থা তাদের নির্বাচন ২০২৬য়ের ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখতে পারবে।

এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে বড় কারণ হল, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের উপলব্ধি। তারা বুঝেছে, ন্যাশানাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট প্রণয়ন করতে গেলে নানা সাংবিধানিক ও আইনি সংশোধন জরুরি। তার জন্য বেশ কিছুটা সময় দরকার। চলতি বছর ১৮ আগস্ট ন্যাশানাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট প্রয়োগের জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন মিললেও।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *