অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটুক আর নাই কাটুক, কোকা কোলা আয়োজিত ফিফা ২০২৬ ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর ঘিরে ভারতীয় ফুটবলে ভক্তদের মাঝে উৎসাহ তুঙ্গে। এই ট্রফি ট্যুর হবে দিল্লি ও গুয়াহাটিতে ১০ ও ১৩ জানুয়ারি। কানাডা, মেক্সিকো ও আমেরিকায় অনুষ্ঠেয় ফিফা ২০২৬ বিশ্বকাপের উন্মাদনা বাড়াতে সারা বিশ্বে ট্রফি ট্যুরের আয়োজন জনপ্রিয় পানীয় প্রস্তুতকারক কোম্পানির।
উদ্যোক্তাদের পক্ষে কর্তা মিকায়েল ভিনেট জানিয়েছেন, ‘ কোকা কোলা ট্যুরের মাধ্যমে বিশ্বের সমস্ত ফুটবলপ্রেমী মানুষকে একজায়গায় আনাই উদ্দেশ্য। একইসঙ্গে বিশ্বকাপের উত্তেজনার সঙ্গে একাত্মতা গড়ো তোলা।’
ফিফা ২০২৬ ওয়ার্ল্ড কাপ ট্যুর আয়োজক তিন দেশ আমেরিকা, কানাডা ও মেক্সিকো ছাড়াও ফিফার ৩০ টি মেম্বার অ্যাসোসিয়েশন দেশে ঘুরবে বিশ্বকাপের অরিজিনাল ট্রফি। ১৫০ দিনের সফরে ভারতের দিল্লি ও গুয়াহাটি ছাড়া ৩০টি দেশের ১৫০টি শহরে এই ট্রফি প্রদর্শিত হবে ফুটবলপ্রেমী জনগনের জন্য খুব কাছ থেকে তা দেখার জন্য। ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গায় বলেন, ‘ কোকা কোলা বিশ্বের মানুষকে ফিফা ওয়ার্ল্ড ট্যুরের মাধ্যমে ফুটবলপ্রেমী মানুষকে এক অনন্য অনুভূতি লাভের সুযোগ করে দেয়। গত পাঁচ বিশ্বকাপের আগে ফিফা ওয়ার্ল্ড ট্রফি ট্যুরের মাধ্যমে অরিজনাল ট্রফি প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন ফিফার ২১১ মেম্বার অ্যাসোসিয়েশনের ১৮২ শহরের মানুষ। এবার এই ট্রফি ট্যুর আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
দিল্লিতে ফিফা চার্টার বিমানে ১০ জানুয়ারি আসবে অরিজিনাল ট্রফি। ১১ জানুয়ারি ওখলায় এনএসইসি মাঠে রাখা থাকবে ট্রফি নির্বাচিত কিছু ফুটবলভক্তদের দেখার জন্য। তারপরই অরিজিনাল ট্রফি চলে যাবে ১৩ জানুয়ারি গুয়াহাটিতে কিছু ভাগ্যবান ভক্তদের ট্রফি দর্শনের সুযোগ করে দিতে। ট্রফি প্রদর্শনের পাশাপাশি বিশেষ ধরনের মনোরঞ্জনের ব্যবস্থা থাকছে দিল্লি ও গুয়াহাটিতে। তার মধ্যে ফুটবলথিম এনগেজমেন্ট জোনস, ফ্রিস্টাইল ফুটবল প্রদর্শন, ফুটবল ফেস্টিভালস, আঞ্চলিক খাবারদাবার থাকবে ফুটবলভক্তদের কথা ভেবে। গুয়াহাটিতে ট্রফি ট্যুরের সঙ্গে অন্যতম প্রাপ্তি মাঘ বিহু উৎসব। যার থিম হবে ফিফা ২০২৬ বিশ্বকাপ ফুটবল।
ট্রফি ট্যুরের সঙ্গে কোকা কোলা আরও একটি বিশে্য উদ্যোগ নিচ্ছে। সেটা হল ভারতের মাটিতে ‘ময়দানসাফ প্রোগ্রাম’। যার মাধ্যমে জনসাধারনের মধ্যে স্বচ্ছতা সম্পর্কে বেশি করে সচেতন করার জন্য ময়লা তোলা থেকে রিসাইক্লিং পদ্ধতির সঙ্গে বিশেষভাবে পরিচিত করা হবে। ফিফা বিশ্বকাপের সময় ছাড়াও বছর জুড়ে যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস থেকে মানুষকে বিরত করার জন্য এই বিশেষ ভাবনা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
