Cart Total Items (0)

Cart

All Sports India

মুনাল চট্টোপাধ্যায়:‌ অবশেষে জট কাটল। এআইএফএফ সভাপতি কল্যান চৌবে, অন্যান্য কর্তা, স্টেকহোল্ডার, আইএসএল অংশগ্রহণকারী ক্লাব প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর আলোচনায় সুফল মিলল মঙ্গলবার। প্রত্যাশামতোই আলোচনা শেষে মনসুখ মান্ডব্য জানান,‘‌ সরকার, ফেডারেশন, ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ একাধিক ক্লাবের সঙ্গে বৈঠক শেষে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১৪ টি ক্লাব নিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে সিঙ্গল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি ২০২৫-‌২৬ মরশুমের আইএসএল শুরু হবে। খেলা হবে ৯১ টি ম্যাচ। পাশাপাশি একইসময় চলবে আইলিগও। ১১ টি ক্লাব আইলিগে অংশ নেবে। আইলিগের ম্যাচের সংখ্যা হবে ৫৫।’‌

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য ১৪ দলের আইএসএল অংশগ্রহণের কথা বললেও, নর্থ ইস্ট ইউনাইটেডের সিইও মান্দার তামানে জানিয়েছেন, ১০টি দল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে সম্মতি প্রদান করলেও, বাকি ৪টি দল মঙ্গলবার রাত পর্যন্ত সময় চেয়েছে সম্মতি জানাতে। ক্লাব মালিকদের সঙ্গে কথা বলে ওই ৪ ক্লাব তাদের সিদ্ধান্ত জানাবে।ধরেই নেওয়া যায়, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর ঘোষণার পর তারাও খেলায় সম্মতি জানিয়ে দেবে সময়মতো। তামানে বলেন, সবদিক বিবেচনা করে একটা সুইশ মডেল ফরম্যাট তৈরি হয়েছে। সিঙ্গল লেগ হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি খেলা হবে। ১৪ দলের কেউ কেউ ৬টা হোম ম্যাচ পাবে, আর কেউ কেউ ৭টা হোম ম্যাচ খেলার সুযোগ পাবে। খরচ কমানোর পাশাপাশি ক্লাবগুলোর রেনিভিউ অর্জনের কথা ভেবেই এমন ফরম্যাট ভাবা হয়েছে। কোনও একটা জায়গায় খেলা হবে না। কেরালা ব্লাস্টার্স, বেঙ্গালুরু এফসি, এমনকি ইস্টবেঙ্গল, মোহনবাগানের তাদের হোম ম্যাচের টিকিট বিক্রি থেকে বেশি রেভিনিউ সংগ্রহ করতে পারে। তাছাড়া অনেক ক্লাবের লোকাল স্পনসর আছে। হোম ম্যাচ না খেললে তারা সেই ক্লাবের থেকে সরে দাঁড়াবে। সেটা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

দিনের পর দিন বৈঠক, প্রস্তাব, পাল্টা প্রস্তাবের বেড়াজালে আইএসএল ঘিরে অচলাবস্থায় ভারতের ক্লাব, ফুটবলার, ফুটবলের সঙ্গে জড়িত মানুষরা হতাশা ও উদ্বেগে দিন কাটাচ্ছিলেন। মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে এআইএফএফ ও এফএসডিএলের ঝামেলার জেরে থমকে গিয়েছিল আইএসএল। এবার সকলের প্রাণে স্বস্তি এল। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সফল বৈঠক শেষে কল্যান চৌবে বলেন, ‘‌ আইএসএল আয়োজনের জন্য এইমুহূর্তে আমরা ২৫ কোটি টাকার সেন্ট্রাল পুল তৈরি করছি। যার ১০ শতাংশ আপাতত আসবে এআইএফএফের তহবিল থেকে। কমার্শিয়াল পার্টনারের থেকে আসার কথা ৩০ শতাংশ। যেহেতু এখনও কোনও রাইটস আমাদের হাতে নেই, তাই ওই খরচটাও আপাতত বহন করবে এআইএফএফ। সবমিলিয়ে এআইএফএফ এখন খরচ করবে ১৪ কোটি টাকা। আর আইলিগের জন্য ৩.‌২ কোটি টাকা। একটি গভর্নিং কাউন্সিল বোর্ড গঠিত হবে লিগ পরিচালনার পাশাপাশি বানিজ্যিক সহযোগী সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য।’‌ কল্যান জানান, সুপ্রিম কোর্টের দেওয়া সংশোধিত সংবিধান ও নির্দেশমতো আইএসএলে অবনমনের উল্লেখ থাকলেও, তাঁরা দেশের সর্বোচ্চ আদালতের কাছে আবেদন করবেন এবারের সংক্ষিপ্ত লিগ ও পরিবর্তিত পরিস্থিতির জন্য অবনমন থেকে বিশেষ ছাড় দিতে।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য আরও জানিয়েছেন, ২০২৫‌-‌২৬ আইএসএল ও আইলিগ শুরুর ক্ষেত্রে এটা শর্টটার্ম একটি ইতিবাচক পদক্ষেপ। তবে এই লিগ চলার পাশাপাশি দীর্ঘস্থায়ী সমাধানের রাস্তাও তৈরি করে ফেলতে হবে ভবিষ্যতের সমস্যা এড়াতে।

আইএসএলে অংশগ্রহণকারী ১৪ টি দল হল মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল, মহমেডান , কেরালা ব্লাস্টার্স, পাঞ্জাব এফসি, এফসি গোয়া, মুম্বই সিটি, চেন্নাইন এফসি, এসসি দিল্লি, বেঙ্গালুরু এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি, ওড়িশা এফসি, ইন্টার কাশী।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *