পিভি সিন্ধু
অলস্পোর্ট ডেস্ক: মালয়েশিয়া ওপেনের সেমিফাইনালে ওঠার পর মনে হয়েছিল ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর খারাপ সময় কেটেছে। কিন্তু অলিম্পিক পদকজয়ী সিন্ধুর ফাইনালে ওঠার স্বপ্নপূরণ হল না। শনিবার আক্সিটা এরিনায় মরশুমের শুরুর মালয়েশিয়া ওপেন সুপার ১০০০এর মহিলা সিঙ্গলস সেমিফাইনালে চীনের ওয়াং ঝিইর কাছে হেরে গেলেন সিন্ধু সরাসরি দু’গেমে।
বিশ্বের ২ নম্বর ওয়াং ঝিইর সঙ্গে লড়েও শেষপর্যন্ত ধারাবাহিকতার অভাবে ও নিজে অহেতুক ভুল করে প্রতিপক্ষকে পয়েন্ট দিয়ে ১৬-২১ ও ১৫-২১ পয়েন্ট হার মানেন সিন্ধু। গত বছর অক্টোবরে পায়ের চোটের জন্য সরে থাকতে হয়েছিল সিন্ধুকে। সেরে ওঠার পর এটাই ছিল তাঁর প্রথম টুর্নামেন্ট। মালয়েশিয়া ওপেনের শুরুটা করেছিলেন ভালই। কিন্তু সেমিফাইনালে এসে হোঁচট খেলেন। বলা ভাল তাঁর এই পর্যন্ত ভাল খেলাটা মাঠে মারা গেল নিজের ভুলে। দ্বিতীয় গেমে সিন্ধু ১১-৬ পয়েন্টে এগিয়ে থেকেও ম্যাচটা ওয়াং ঝিইর হাতে তুলে দেন।
প্রথম গেমেও সিন্ধু দারুনভাবে শুরু করে প্রথমে ৫-২, পরে ৯-৭ লিড নিয়ে আশা জাগিয়েছিলেন। কিন্তু ওয়াং ঝিইর নাছোড়বান্দা লড়াইয়ের জন্য লিড খুইয়ে গেম একসময় ১৩-১৩ তে পৌঁছয়। এখান থেকে ম্যাচটা মুঠোয় নেন ওয়াং ঝিই। নিজের পক্ষে লিড বাড়িয়ে নিয়ে প্রথম গেমটা জিতে নেন।
দ্বিতীয় গেমে সিন্ধু প্রথমে ১-৩ পয়েন্টে পিছিয়ে পড়লেও খেলাটা ধরে নিয়ে ৬-৩ পয়েন্টে এগিয়ে যান। তাতে আশা করা গিয়েছিল, এই গেমে আধিপত্য দেখিয়ে লড়াইয়ে সিন্ধু দ্বিতীয় গেম জিতে সমতা ফেরাবেন। সিন্ধু একসময় ১১-৬ পয়েন্টের লিডও গড়েন। ১৩-৯ পর্যন্ত এগিয়েও ছিলেন। তারপর ভুল করা শুরু সিন্ধুর। তার মাশুল গুনতে হল। ওয়াং ঝিই ধৈর্য ধরে ১৩-১৩ করার পর চালিয়ে খেলে গেমটা জিতে নেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
