সই শিকারীদের সঙ্গে অর্জুন এরিগাইসি। —নিজস্ব চিত্র
অলস্পোর্ট ডেস্ক: টাটা স্টিল দাবা ২০২৬-এর র্যাপিড পর্ব শেষ হয়েছিল শুক্রবার নিহাল সারিনের জয় দিয়ে। শনিবার থেকে শুরু হল ১৮ রাউন্ডের ব্লিৎজ প্রতিযোগিতা। দেশ, বিদেশের সব তাবড় তাবড় তারকা দাবাড়ুরা অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। এদিন শুরু থেকেই দেখা গেল হাড্ডাহাড্ডি লড়াই। সেই তালিকায় যেমন রয়েছেন অর্জুন এরিগাইসির মতো বর্তমান তারকা, তেমনই রয়েছেন বিশ্বনাথন আনন্দের মতো ভারতীয় দাবার পথপ্রদর্শক। রয়েছেন, বিশ্ব দাবার বড় বড় নামও। তাদের মধ্যে অন্যতম ওয়েসলি সো। এদিন নবম রাউন্ডের শেষে কিন্তু অর্জুনকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে শীর্ষে তিনিই। শেষ দিনের শেষ নয় রাউন্ডে লড়াই করতে হবে ভারতীয় তারকাকে চ্যাম্পিয়ন হতে হলে।
এদিন শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন অর্জুন। তাঁকে ঘিরে প্রত্যাশাও রয়েছে আকাশ ছোঁয়া। তিনি যে তারকা তা তাঁর খেলার শেষেই অটোগ্রাফ শিকারীদের উন্মাদনায় স্পষ্ট। ফুটবল আর ক্রিকেটের বাইরের খেলা ও খেলোয়ারদের নিয়েও যে মানুষ উত্তাল হতে পারে তা এদিন প্রজ্ঞানানন্ধা, দিব্যা দেশমুখ, ভিদিত গুজরাঠীদের ঘিরে উচ্ছ্বাস না দেখলে বোঝা মুশকিল। এদিন প্রথম থেকেই ওপেন ব্লিৎজ প্রতিযোগিতার হল ছিল কানায় কানায় পূর্ণ। খুদে দাবাড়ুরা, তাদের বাবা-মায়ের হাত ধরে এসেছিল তাদের আইডলদের একঝলক দেখার জন্য। যা কলকাতার দাবা সংস্কৃতির উত্থানের প্রতীক তো বটেই।
এদিন প্রথম রাউন্ডে অর্জুন জিতলেও ওয়েসলি হেরে যান। যেখানে শুরুতেই এগিয়ে গিয়ে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে নেন ভারতের অর্জুন। ওয়েসলি হারেন ভিদিতের কাছে। আনন্দ ও নিহালের ড্র ও প্রজ্ঞানানন্ধার হার দিয়ে শেষ হয় প্রথম রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে ওয়েসলি জয়ে ফেরেন এবং অর্জুন জয়ের ধারা ধরে রাখেন। প্রজ্ঞাকে আবারও হারের মুখ দেখতে হয়। নিহালের কাছে হারতে হয় আনন্দকে। র্যাপিডে আনন্দকে পিছনে ফেলেই চ্যাম্পিয়ন হয়েছিলেন নিহাল। তৃতীয় রাউন্ডে জয়ে ফেরেন আনন্দ, প্রজ্ঞানানন্ধা। জয়ের ধারা ধরে রাখেন অর্জুনও। ওয়েসলি ড্র করে আরও খানিকটা পিছিয়ে পড়েন।

চতুর্থ রাউন্ডে আনন্দকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নেন অর্জুন এরিগাইসি। ভারতের নিহাল সারিনকে হারিয়ে জয়ে ফেরেন ওয়েসলিও। পঞ্চম রাউন্ডে জয় তুলে নেন অর্জুন, নিহাল, ভিদিত। আনন্দকে হারিয়ে দেন ওয়েসলি। ষষ্ঠ রাউন্ড ছিল ওয়েসলির জন্য টার্নিং পয়েন্ট, যেখানে তিনি হারিয়ে দেন তাঁর সব কঠিন প্রতিপক্ষ অর্জুনকে। আর এখানেই খানিকটা পিছিয়ে পড়েন তিনি। এছাড়া আনন্দ, নিহাল জিতলেও হারেন প্রজ্ঞানানন্ধা। ড্র করেন ভিদিত। সপ্তম রাউন্ডে ওয়েসলি জয়ের ধারা ধরে রাখেন কিন্তু অর্জুন ড্র করে বসেন। এই রাউন্ডে প্রজ্ঞানানন্ধা ও আনন্দের মধ্যে ম্যাচটি ড্র হয়। জেতেন ভিদিতও।
শেষ দুই রাউন্ড ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। ততক্ষণে অর্জুন বুঝে গিয়েছেন, পিছিয়ে পড়ছেন তিনি। আর তখনই স্বদেশী প্রজ্ঞানান্ধার কাছে হার মানতে হয় তাঁকে। ওয়েসলি এই রাউন্ড জিতে এগিয়ে যান। যেতেন আনন্দ, নিহালও। দিনের শেষ রাউন্ডে প্রবল লড়াই চলে দুই স্বদেশীর প্রতিযোগীর মধ্যে। শেষ পর্যন্ত ভিদিত গুজরাঠীকে হারিয়ে জিতে দিন শেষ করেন অর্জুন এরিগাইসি। অন্যদিকে প্রজ্ঞানানন্ধার সঙ্গে ম্যাচ ড্র করেন ওয়েসলি। তাতে দিনের শেষে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেন অর্জুন।
দিনের শেষে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ওয়েসলি সো। ৬.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অর্জুন এরিগাইসি। তৃতীয় স্থানে ৫.৫ পয়েন্ট নিয়ে নিহাল সারিন। পাঁচ পয়েন্ট করে নিয়ে এর পর রয়েছেন বিশ্বনাথন আনন্দ ও ভিদিত গুজরাঠী। ছয়ে আর প্রজ্ঞানানন্ধা। মেয়েদের ব্লিৎজে প্রথম তিনে নেই কোনও ভারতীয়। চতুর্থ স্থানে রয়েছেন আর বৈশালী।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
