অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ বিরাট কোহলি রবিবার বলেছেন, তাঁর এখনও পর্যন্ত অসাধারণ এই যাত্রা, তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতোই, কারণ তিনি তাঁর খেলার মাধ্যমে “এত মানুষকে এত আনন্দ ও খুশি ” উপহার দিতে পারছেন। ৩৭ বছর বয়সী কোহলি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্ম্যাট মিলিয়ে ২৮,০০০ রান করা দ্রুততম খেলোয়াড় হিসেবে জায়গা করে নিয়েছেন এবং সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেও নিজেকে তুলে এনেছেন।
নিজের ৬২৪তম ইনিংসে খেলতে নেমে কোহলি নিউজিল্যান্ডের লেগ-স্পিনার আদিত্য অশোককে একটি চার মেরে এই মাইলফলকে পৌঁছন। তেন্ডুলকর তাঁর ৬৪৪তম ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন, আর ২৮,০০০ রানের ক্লাবের তৃতীয় খেলোয়াড় শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গাকারা, তিনি ৬৬৬তম ইনিংসে এই কীর্তি গড়েন।
“সত্যি বলতে, আমি যদি আমার পুরো যাত্রার দিকে ফিরে তাকাই, তবে এটি স্বপ্ন সত্যি হওয়ার চেয়ে কোনও অংশে কম নয়। আমি যখন এসেছিলাম, তখন থেকেই আমার সামর্থ্য সম্পর্কে জানতাম এবং আজকের এই অবস্থানে পৌঁছানোর জন্য আমাকে আরও অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। ঈশ্বর আমাকে এত বেশি আশীর্বাদ করেছেন যে আমার অভিযোগ করার মতো কিছুই নেই। তাই আমি শুধু কৃতজ্ঞতা অনুভব করি। আমি সবসময় আমার পুরো যাত্রার দিকে অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা নিয়ে ফিরে তাকাই এবং আমি এটি নিয়ে গর্বিত বোধ করি,” বলেন কোহলি। যিনি তাঁর ক্যারিয়ারে ৪৫তম বারের মতো ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।
“আমি কৃতজ্ঞ যে আমাকে এই জায়গা দেওয়া হয়েছে। সত্যি বলতে এটা একটা আশীর্বাদ। আপনি যা করতে ভালোবাসেন, শুধু সেটাই করে আপনি এত মানুষকে এত আনন্দ দিতে পারেন, আর তা হল সেই খেলাটি খেলা যা আপনি ছোটবেলা থেকেই ভালোবাসেন। আমি আর কী চাইতে পারি? আমি আক্ষরিক অর্থেই আমার স্বপ্নকে বাস্তবে পরিণত করছি এবং মানুষকে খুশি করছি ও তাদের মুখে হাসি দেখছি।”
রবিবার ৯১ বলে ৯৩ রানের ইনিংসটি ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কোহলি বলেন, “যদি আমি পুরোপুরি সৎভাবে বলি, আমি এখন যেভাবে খেলছি, তাতে আমি মাইলফলক নিয়ে মোটেও ভাবছি না। সত্যি বলতে, আজ যদি আমরা প্রথমে ব্যাটিং করতাম, তাহলে আমি হয়তো আরও আক্রমণাত্মক খেলতাম। বোর্ডে একটি বড় স্কোর থাকায় আমাকে কিছুটা দৃঢ়প্রতিজ্ঞ হয়ে পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়েছিল। আমার মনে হচ্ছিল আমি আরও বেশি বাউন্ডারি মারতে চাই।’’
এইসব পুরস্কার রাখার জন্য আলাদা কোনও ঘরের প্রয়োজন আছে কিনা জানতে চাইলে তিনি জানান, তিনি তাঁর ট্রফিগুলো তাঁর মায়ের কাছে পাঠিয়ে দেন, যিনি গুরুগ্রামে থাকেন। বিরাট হেসে বললেন, “হ্যাঁ, তিনি সব ট্রফিগুলো নিজের কাছে রাখতে ভালোবাসে।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
