অলস্পোর্ট ডেস্ক: পাঁজরের চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। রবিবার বরোদায় প্রথম একদিনের ম্যাচে ৫ ওভার বোলিং করার পরই বুকে অস্বস্তি বোধ করায় মাঠ ছেড়েছিলেন তিনি। পরে ৮ নম্বরে ব্যাট করতে নেমে কেএল রাহুলের সঙ্গে জুড়ি বেঁধে জয় তুলি নিতে মূল্যবান রানের অবদান রাখেন। ম্যাচের পর স্ক্যান করার পর বিসিসিআইয়ের বিশেষজ্ঞ দল জানান, বাকি একদিনের ম্যাচে ওয়াশিংটনকে পাওয়া যাবে না। তখনই তাঁর বিকল্প খোঁজা শুরু হয়। বিসিসিআই নির্বাচকরা ওয়াশিংটনের বিকল্প হিসেবে বেছে নিয়েছেন আয়ুষ বাদোনিকে। বুধবার রাজকোটে অনুষ্ঠেয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচের জন্য ভারতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন আয়ুষ।
অনুশীলন সেরে ওঠার মুখে আয়ুষ বাদোনি খবরটা পান। হোটেলে ফেরার মুখে তাঁর মোবাইলে ভেসে ওঠা নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেট সিরিজ তিনি ভারতীয় দলে ডাক পেয়েছেন। প্রথমবার ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে চাপানোর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ার আনন্দ চেপে রাখেননি আয়ুষ। ছুটে গিয়ে মেসেজটা প্রথমে দিল্লির কোচ শরণদীপকে সিংকে দেখান। এমন একটা খবরে, কোচ শরণদীপ তাঁকে আবেগে বুকে চেপে ধরেন।
পরে শরণদীপ বলেন, ‘ আমি সত্যি খুব খুশি বাদোনির ভারতীয় দলে অন্তর্ভুক্তিতে। ওর এটা প্রাপ্য ছিল। ও প্রচন্ড পরিশ্রমী। বেশিরভাগ মানুষ বাদোনিকে আক্রমণাত্মক ব্যাটার হিসেবে জানে। বাউন্ডারি, ওভারবাউন্ডারি মারার কথা জানেন। কিন্তু বাদোনি লম্বা ইনিংস খেলার ক্ষমতা রাখে। একইসঙ্গে ও একজন কার্যকরী অফস্পিনার হিসেবে নিজেকে গড়ে তুলেছে। ভারতীয় দলে খেলার সুযোগ পেলে, ও নিজেকে প্রমাণ করবে। গতবছরই ওকে বলেছিলাম, ব্যাটিংয়ে মন দেওয়ার পাশাপাশি বোলিংয়েও যেন নিজের দক্ষতা বাড়ায়। প্রতিটি অনুশীলনে ব্যাট করার পর যেন অন্তত ৭ ওভার বল করে নেটে। আয়ুষ সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছিল। লম্বা ব্যাটিং সেশনের পর ৭ ওভার তো বটেই, কখনও কখনও তার থেকেও বেশি ওভার বল করেছে নিজের অফস্পিনের দক্ষতা ধারালো করতে। তার সুফল মিলবে আশা করি এবার ভারতীয় দলে খেলার সুযোগ পেলে।’
শরণদীপ আরও বলেন, ‘ আয়ুষকে বলেছিলাম, ভারতীয় দলে জায়গা পেতে হলে ওকে নিজের অফস্পিন বোলিং আরও ভাল করার জন্য খাটতে হবে। সত্যি স্পিনটা ভাল করে ও। বল ঘোরানোর পাশাপাশি বৈচিত্র আছে ওর বোলিংয়ে। ক্যারম বল ছাড়াও আর্ম বল করে ব্যাটারদের ঘায়েল করার ক্ষমতা আছে ওর।’
প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাটিংয়ে বাদোনির গড়(৫৭.৯৬) বেশ ভাল। লিস্ট এ ফরম্যাটের ২৭ ম্যাচে গড় ৩৬.৪৭। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে ৫৬ ম্যাচে আয়ুষের ব্যাট থেকে এসেছে ৯৬৩ রান(গড় ১৩৮.৫৬)। আইপিএলের পাশাপাশি দিল্লি প্রিমিয়ার লিগে সাউথ দিল্লি সুপারস্টারজের নেতৃত্ব দিয়েছেন আয়ুষ অলরাউন্ডার হিসেবে সফলভাবে।বাদোনির মধ্যে লিডারশিপ কোয়ালিটিও আছে। অতীতে দিল্লির অধিনায়কের দায়িত্ব পালনের পর বর্তমানে ঋষভ পন্থের ডেপুটি হিসেবে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন। সেটা স্মরণে রেখেই কোচ শরণদীপের প্রতিক্রিয়া, ‘ রনজি ও বিজয় হাজারে টফিতে বিরাট কোহলির মতো বড় ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুমে কাটানোর সৌভাগ্য হয়েছে আয়ুষের। ওর নিজের খেলায় উন্নতি ঘটাতে কোহলির পরামর্শ ওর কাজে লেগেছে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
