অলস্পোর্ট ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচ দাপটের সঙ্গে জিতেই শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে স্বাভাবিকভাবেই লক্ষ্য ছিল জিতে সিরিজ জয় নিশ্চিত করা। বুধবার রাজকোটে দ্বিতীয় ওডিআই ম্যাচে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল ব্রেসওয়েল। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে দিয়েছিলেন অধিনায়ক শুভমান গিল। রান ক্ষরা কাটিয়ে এদিন তাঁর ব্যাট থেকে হাফসেঞ্চুরি আসে ঠিকই কিন্তু আরও এক ওপেনার রোহিত শর্মা এই ম্যাচেও ব্যাটে রান পেলেন না। ওপেনিং জুটিতে ভারত যদিও একটা ভরসাযোগ্য জায়গায় পৌঁছে যায়। তবে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ভারতের দেওয়া ২৮৫ রানের লক্ষ্যে নেমে ১৫ বল বাকি থাকতেই ৭ উইকেটে জিতে সিরিজে সমতায় ফেরে নিউজিল্যান্ড।
ওপেন করতে নেমে রোহিত শর্মা ২৪ রান করে আউট হয়ে যান। উল্টোদিকে ৫৬ রানের ইনিংস খেলে ভরসা দেন শুভমান গিল। প্রথম ম্যাচে যে দু’জনের ব্যাট ভরসা দিয়েছিলেন সেই বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার এদিন রান পাননি। যদিও এদিন কোহলির দিন ছিল। এদিন যেমন আইসিসি ওডিআই র্যাঙ্কিয়ে শীর্ষস্থান ফিরে পেলেন তিনি তেমনই রেকর্ডে পিছনে ফেললেন সচিনকেও। তবে ব্যাট থেকে এল মাত্র ২৩ রান। শ্রেয়াসও ফিরলেন মাত্র ৮ রানে। সেখান থেকেই ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরলেন কেএল রাহুল।
প্রথম ম্যাচে ছক্কা হাঁকিয়ে ভারতকে জয় এনে দিয়েছিলেন তিনি। এই ম্যাচে তাঁর ব্যাট থেকেই এল ভারতের সর্বোচ্চ রান। রবীন্দ্র জাডেজা ২০, নীতীশ কুমার রেড্ডি ২০ রান করে ফিরে গেলেন। সেঞ্চুরি হাঁকানোর জন্য রাহুলের দরকার ছিল একজন যোগ্য সঙ্গী, যিনি উল্টদিকটা ধরে রাখতে পারবেন। তবে তারও দরকার হল না। হর্ষিত রানা ২ রান করে আউট হওয়ার পর মহম্মদ সিরাজ ২ রান করে অপরাজিত থাকলেন। বাকিটা যা করলেন তা নিজে রাহুলই করলেন। ৯২ বলে ১১টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১১২ রান করে অপরাজিত থাকলেন তিনি। ৫০ ওভারে ২৮৪-৭-এ থামল ভারতের ব্যাটিং।
নিউজিল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন ক্রিস্টিয়ান ক্লার্ক। একটি করে উইকেট কেইল জেমিসন, জ্যাক ফোকস, জেডেন লেনক্স ও মিচেল ব্রেসওয়েলের। জবাবে ব্যাট করতে নেমে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা। দুই ওপেনার ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস ভরসা দিতে পারেননি। ১৬ ও ১০ রান করে ফিরে যান দুই ওপেনার। ২৮৫ রানের লক্ষ্যে নেমে ৪৬ রানে দুই উইকেট পড়ে যাওয়ায় চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। কিন্তু সেটা ছিল সাময়িক। তিন ও চার নম্বরে নামা উইল ইয়ং ও ড্যারেল মিচেল দলের রানকে জয়ের রাস্তা দেখান।
৪৬-২ থেকে দলের রানকে এই জুটি ২০৮ রানে নিয়ে যায়। ততক্ষণে অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে নিউজিল্যান্ডের জয়। হাতে তখনও ১২ ওভার আর ৭ উইকেট রয়েছে। এই অবস্থা থেকে জয়ের মুখ ভারতের দিকে ঘোরাতে হলে ভারতীয় বোলারদের মিরাক্কেল কিছু করতে হত, যা স্বাভাবিকভাবেই হয়নি। ৮৭ রানে উইল ইয়ং আউট হওয়ার পর মিচেলের সঙ্গে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন গ্লেন ফিলিপ্স। ১৩১ রানে মিচেল ও ৩২ রানে ফিলিপ্স অপরাজিত থাকেন। ৪৭.৩ ওভারে ২৮৬-৩ করে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। ভারতের হয়ে একটি করে উইকেট নেন হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণা ও কুলদীপ যাদব।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
