Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১ জানুয়ারি শুরু হওয়া ৫ টি২০ ক্রিকেট সিরিজের ভারতীয় দলে দুটি গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তি করল বিসিসিআই। চোটের জন্য ছিটকে যাওয়া তিলক ভার্মা ও ওয়াশিংটন সুন্দরের জায়গায় টি২০ ভারতীয় দলে এলেন শ্রেয়স আইয়ার ও রবি বিষ্ণোই। বোলার রবিকে ৫ টি২০ ম্যাচের জন্য দলে নেওয়া হলেও, শ্রেয়সকে দলে রাখা হয়েছে প্রথম ৩টি ম্যাচের জন্য।

সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল টি২০ বিশ্বকাপের অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি থেকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজটা সেই বিশ্বকাপের চুড়ান্ত প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। তিলক ভার্মা ও ওয়াশিংটন সুন্দর টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের অপরিহার্য অঙ্গ। কিন্তু ৭ জানুয়ারি রাজকোটে তলপেটের অস্ত্রোপচারের ফলে ভারতীয় দল থেকে সাময়িক বাদ হয়ে গেছেন তিলক। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শুক্রবার হায়দরাবাদ পৌঁছেছেন এশিয়া কাপ জয়ে গুরুত্বপূর্ণ এই ব্যাটার। এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। বিবিসিআই সূত্রে খবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ৩ টি২০ ম্যাচে তিলক ভারতীয় দলে থাকছেন না। পরের ২টি ম্যাচেও থাকবেন কিনা, সেটা নির্ভর করছে পুরোপুরি ফিট হয়ে ওঠার ওপর। সেন্টার অফ এক্সেলেন্সের তরফে রিটার্ন টু প্লে অনুমোদন পেলেই তিলক ভারতীয় দলে ফিরবেন। তিলক ফিট না হলে, টি২০ বিশ্বকাপে তাঁর বিকল্প হিসেবে শ্রেয়স আইয়ারের কথা ভেবে রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, বরোদায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে খেলার সময় পাঁজরের নীচে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন ওয়াশিংটন সুন্দর কয়েক ওভার বল করেই। পরে ৮ নম্বরে ব্যাট করতে নেমে কেএল রাহুলের সঙ্গে জুটি বেঁধে ম্যাচ জেতাতে সাহায্য করেন। ম্যাচের পর অস্বস্তির কারণ খুঁজতে স্ক্যান করা হয়। সেন্টার অফ এক্সলেন্সের বিশেষজ্ঞরা স্ক্যান রিপোর্ট দেখে ওয়াশিংটন সুন্দরের জন্য বিশ্রামের নিদান দেন চোট সমস্যা যাতে না বাড়ে তার জন্য। সবদিক বিবেচনা করে আপাতত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের ৫টি ম্যাচ থেকেই তাঁকে বাদ দিয়ে রবি বিষ্ণোইকে দলে নিয়েছে।

বাকি দল অপরিবর্তিত আছে। ভারতের টি২০ দল:‌ সূর্যকুমার যাদব(‌অধিনায়ক)‌, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন(‌উইকেটকিপার)‌, শ্রেয়স আইয়ার(‌প্রথম ৩ ম্যাচের জন্য‌)‌‌, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, রিংকু সিং, যশপ্রীত বুমরা, হরষিত রাণা, আরশদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্থী, ইশান কিষাণ(‌উইকেটকিপার)‌, রবি বিষ্ণোই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *