অলস্পোর্ট ডেস্ক: এর আগে বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী, সুব্রত পাল, গুরুপ্রীত সিং , সন্দেশ ঝিঙ্গানদের বিদেশের ক্লাবে খেলে আসার কথা আমাদের জানা আছে। কেউ সামান্য হলেও বিদেশের ক্লাবে দাগ কেটেছেন, কেউ আবার শুধু রিজার্ভ বেঞ্চে বসে কাটিয়েই ফিরে এসেছেন মন খারাপ নিয়ে। সেখানে ভারতীয় মহিলা দলের মিডফিল্ডার ও গোকুলামের প্রাক্তন ফুটবলার মনীষা কল্যানের ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম। এর আগে সাইপ্রাসের প্রথম ডিভিশন ক্লাব অ্যাপোলো লেডিজের হয়ে খেলার পর গ্রীসের ক্লাব পিএওকে এফসিতে যোগ দিয়েছিলেন। এবার সেখান থেকে চলে গেলেন পেরুর টপ ডিভিশন ক্লাব আলিয়াঁজ লিমাতে। যা ভারতের পুরুষ ফুটবলারদের কাছে বেশ ঈর্ষণীয়।
মনীষা গোকুলাম এফসির জার্সিতে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত খেলে ২৪ ম্যাচ করেছিলেন ২১ গোল। ওই সময় তিনি দু’বার ২০২০-২১ ও ২০২২-২৩ মরশুমে এআইএফএফের বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি লাভ করেন। গোকুলাম ছেড়ে সাইপ্রাসের অ্যাপোলো লেডিজ ক্লাবে যোগ দিয়ে ২৪ বছরের মনীষা, তাদের হয়ে ৩৪ ম্যাচে ১৪ গোল করেছিলেন। পরে তিনি গ্রীসের ক্লাব পিএওকের জার্সিতে ১৭ ম্যাচে ৭ গোল করেন। তিনিই প্রথম ভারতীয় ফুটবলার যিনি উয়েফা মহিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন। পারফরমেন্সের ধারাবাহিকতা, দক্ষতা ও গোল করার ক্ষমতার কারণেই মনীষাকে সই করিয়েছে পেরুর টপ ডিভিশন ক্লাব আলিয়াঁজ লিমা।
এক প্রেস রিলিজে মনীষার যোগদানের কথা জানিয়েছে আলিয়াঁজ লিমা। লিখেছে, মনীষা কল্যান ক্লাব ও জাতীয় স্তরে ওর ফুটবল দক্ষতা পরিচয় দিয়েছে। ওর যোগদানে আলিয়াঁজ লিমার মাঝমাঠ ও অ্যাটাকিং থার্ডে বৈচিত্রের সঙ্গে ধার বাড়বে।
আলিয়াঁজ লিমার মহিলা ফুটবল বিভাগের প্রধান সিসি কুইরোজের মুখেও মনীষার ভূয়সী প্রশংসা। বলেছেন, মনীষা একজন খুব অলরাউন্ড এবিলিটির ফুটবলার। গতিসম্পন্ন, আক্রমণাত্মক মনোভাবের। তার জোরে ও প্রতিপক্ষ ডিফেন্সকে টলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ফিনিং টাচ আছে ওর পায়ে। ভারতীয় ফুটবল দলে ওর আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতার কথা জানা আছে। তাই মনীষার যোগদানে আলিয়াঁজ লিমাও ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাড়তি শক্তি নিয়ে লড়তে পারবে।
মনীষা নিজেও উচ্ছ্বসিত আলিয়াঁজ লিমায় যোগ দিয়ে। তাঁর প্রতিক্রিয়া, ‘ এখানে আসতে পেরে আমি খুশি। নতুন চ্যালেঞ্জের কথা ভেবে উত্তেজিত। ভারতের ফুটবল প্রতিনিধিত্ব করছি, এটা মাথায় রাখব সমসময়। তাই সেরা দিতে মাঠ নামব প্রতি ম্যাচে। ১০০ শতাংশ উজাড় করে দিতে চেষ্টা করব। প্রতি ম্যাচে গোল পাওয়ার লক্ষ্যে। একইসঙ্গে দলকে সাহায্য করব প্রতি ম্যাচ জিততে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
