অলস্পোর্ট ডেস্ক: গত দু’বছর ধরে কোনও প্রতিযোগিতায় অংশ নেননি অলিম্পিক পদকজয়ী ভারতীয় ব্যাডমিন্টান তারকা সাইনি নেহওয়াল। একনাগাড়ে চলে আসা হাঁটুর সমস্যার জন্য। আর সেকারণে ব্যাডমিন্টন কোর্টে নামার আশা পুরোপুরি ছেড়েই দিয়েছিলেন। এবার এক পডকাস্টে পাকাপাকিভাবে ব্যাডমিন্টন র্যাকেট তুলে রাখার কথা জানিয়েছেন সাইনা।
২০১২ লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী সাইনা শেষবার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২০২৩ সালে সিঙ্গাপুর ওপেনে। তারপর এতদিন কেটে গেলেও সরকারিভাবে অবসরের কথা ঘোষণা করেননি। পডকাস্টে সাইনি বলেন, ‘ দু’বছর হল প্রতিযোগিতামূলক সার্কিটে খেলা ছেড়েছি। আমি খেলা শুরু করেছিলাম নিজের ইচ্ছায়, আর খেলা থেকে সরে দাঁড়ানোটাও আমার ইচ্ছায়। সেটা সরকারিভাবে ঢাক পিটিয়ে বলার দরকার আছে বলে মনে করি না। আমার আর খেলার মতো ক্ষমতা নেই। তাই এই সিদ্ধান্ত।’
সাইনা জানিয়েছেন কোর্ট থেকে বিদায় নেওয়ার কারণ তাঁর হাঁটুর প্রবল সমস্যা। যার ফলে তাঁর পক্ষে অতিরিক্ত জোর দিয়ে অনুশীলন করা সম্ভব ছিল না। বলেন, ‘ আমার হাঁটুর কার্টিলেজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। আর্থারাইটিসে ভুগছি। আমার পরিবার, কোচদের এটা জানা দরকার। আমি ওদের এটা বলেছি। আর আমার পক্ষে খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। অন্যরাও বুঝতে পারবে, আমি আর খেলছি না। তার জন্য আলাদা করে ঘটা করে অবসর ঘোষণার প্রয়োজন নেই। আমি বুঝেছি, আমার খেলার দিন ফুরিয়েছে। আর নিজেকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। বিশ্বের সেরাদের মাঝে থাকতে গেলে দিনে ৭ থেকে ৮ ঘন্টা ট্রেণিং জরুরি। কিন্তু আমর হাঁটু এক থেকে দু’ঘন্টা বাদেই জবাব দিচ্ছে। হাঁটু ফুলে ঢোল হয়ে যাচ্ছে। তাই আমার পক্ষে আর এই হাঁটু নিয়ে বেশি কিছু করা সম্ভব নয়।’
২০১৬ রিও অলিম্পিক্সের সময় পাওয়া হাঁটুর চোট সমস্যা নিয়ে ২০১৭ বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ও ২০২৮ কমনওয়েলথ গেমসে সোনা জিতলেও, সেই চোট পরবর্তী সময় আরও ভোগাতে থাকায় বিশ্বে একসময় ১ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা সাইনাকে নিঃশব্দে ব্যাডমিন্টন কোর্ট থেকে সরে দাঁড়াতে হয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
