অলস্পোর্ট ডেস্ক: ২০২৫-২৬ মরসুমের তালিকা ঘোষণার সময় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বার্ষিক চুক্তির দ্বিতীয় স্তরে নেমে যেতে পারেন ব্যাটিং কিংবদন্তি বিরাট কোহলি এবং রোহিত শর্মা। অন্দরের যা খবর পাওয়া যাচ্ছে তাতে, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি চার-স্তরীয় বার্ষিক চুক্তির ব্যবস্থা থেকে ‘এ-প্লাস’ বিভাগটি বাদ দেওয়ার সুপারিশ করেছে।
এই পর্যায়ে এগুলো কেবল সুপারিশ হিসেবেই রয়েছে, কারণ বিসিসিআই এখনও সিনিয়র পুরুষ দলের জন্য চুক্তিগুলো চূড়ান্ত করেনি। সূত্রের খবর, নির্বাচক কমিটির প্রস্তাবটি বোর্ডের পরবর্তী অ্যাপেক্স কাউন্সিলের সভায় আলোচনা করা হবে।
বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তিগুলো হলো ভারতীয় ক্রিকেটারদের জন্য প্রদত্ত লাভজনক বার্ষিক চুক্তি। মোট চারটি বিভাগ রয়েছে, এ+, এ, বি এবং সি — যেগুলোর মূল্য যথাক্রমে ৭ কোটি, ৫ কোটি, ৩ কোটি এবং ১ কোটি টাকা। চুক্তির তালিকায় অন্তর্ভুক্ত খেলোয়াড়রা অতিরিক্ত সুবিধাও পান, যেমন সারা বছর সেন্টার অফ এক্সেলেন্সে প্রবেশাধিকার এবং চোট ও পুনর্বাসনের জন্য চিকিৎসা সহায়তা।
যদি এ-প্লাস বিভাগটি বাতিল করা হয়, তবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বি বিভাগে রাখা হতে পারে বলে জানা গিয়েছে। কারণ তাঁরা শুধু ওডিআই খেলছেন।
এটা আগেই স্পষ্ট ছিল যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি সর্বোচ্চ বিভাগে থাকবেন না, কারণ এটি অন্তত দু’টি ফর্ম্যাটে খেলা খেলোয়াড়দের জন্য সংরক্ষিত। ২১ এপ্রিল প্রকাশিত ২০২৪-২৫ সালের বার্ষিক চুক্তির তালিকায় এই দু’জন যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাডেজার সঙ্গে এ-প্লাস বিভাগে ছিলেন। তবে, রোহিত এবং কোহলি আইপিএল ২০২৫ মরসুমের মাঝামাঝি সময়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন এবং বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে কেবল একদিনের আন্তর্জাতিক ফর্ম্যাটেই খেলেন। ২০২৪-২৫ মরসুমের বার্ষিক চুক্তিটি ১ অক্টোবর, ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত সময়কাল বিবেচনা করে প্রদান করা হয়েছিল।
টেস্ট ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়া জাডেজা সর্বোচ্চ বিভাগে তাঁর স্থান ধরে রাখতে পারবেন কিনা, তা দেখার বিষয়। এদিকে, টেস্ট এবং ওয়ানডেতে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া শুভমান গিলের শীর্ষ স্তরে উন্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিসিসিআই-এর বর্তমান বার্ষিক চুক্তির তালিকা
এ+: (৭ কোটি টাকা)— রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা।
এ: (৫ কোটি টাকা)— মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পাণ্ড্যো, মহম্মদ শামি, ঋষভ পন্থ।
বি: (৩ কোটি টাকা)— সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার।
সি: (১ কোটি টাকা)— রিঙ্কু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, রজত পাতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, ঈশান কিষাণ, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্থী, হর্ষিত রানা।
সেন্ট্রাল কন্ট্রাক্ট সেই খেলোয়াড়দের দেওয়া হয় যারা হয় তিনটি টেস্ট ম্যাচ বা আটটিটি ওয়ানডে বা ১০টি টি-টোয়েন্টিতে খেলেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
