অলস্পোর্ট ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঐতিহাসিক ইডেন গার্ডেন্সের সুযোগ-সুবিধা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। এই মেগা টি-টোয়েন্টি ইভেন্টের আগে সুযোগ-সুবিধা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আইসিসি-র একটি দল বিসিসিআই কর্তাদের দষসঙ্গে ইডেন গার্ডেন্স পরিদর্শন করে।
সিএবি-র সচিব শ্রী বাবলু কোলে সিএবি-র কোষাধ্যক্ষ শ্রী সঞ্জয় দাস, সিএবি-র সিইও শ্রী চিন্ময় নায়েক এবং অন্যান্য সিএবি কর্মকর্তারা আইসিসি দলকে স্বাগত জানান এবং সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন।
আইসিসি দলটি ঐতিহাসিক মাঠ, কর্পোরেট বক্স পরিদর্শন করে এবং স্টেডিয়ামের সমস্ত সুযোগ-সুবিধা খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করে এবং জানায় যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাটি একটি সফল বিশ্বকাপ আয়োজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
যদিও এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে বাংলাদেশ হয়তো টি২০ বিশ্বকাপ খেলবে না। সেই পরিস্থিতে ইডেনে বাংলাদেশের ম্যাচ ঘিরে যে উত্তেজনার পরিবেশ তৈরি হতে পারত তা থেকে বঞ্চিত হবে আয়োজক রাজ্য সংস্থা। সূচি অনুযায়ী ইডেনে তিনটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। বাংলাদেশ না খেললে সেখানে স্কটল্যান্ডের খেলার কথা। সেদিক থেকে দেখতে গেলে ইডেনের বিশ্বকাপ উৎসব কিছুটা ম্লান হয়ে যেতে পারে যেহেতু এখানে ভারতের কোনো ম্যাচ নেই গ্ৰুপ পর্বে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
