Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ একেই কি বলে গাছে তুলে মই কেড়ে নেওয়া?‌ ভারতের মাটিতে আইসিসি টি২০ বিশ্বকাপ ক্রিকেট খেলতে না আসার বাংলাদেশের গোঁকে সমর্থন জানিয়ে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড শুরু থেকেই। সেই উস্কানিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সরকারকে সামনে রেখে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত অনড় থেকে নিজেদের পায়ে কুড়ুল মেরেছে। অবশ্য বাংলাদেশকে টি২০ বিশ্বকাপ থেকে বাতিল করায় প্রতিবাদের সুর শোনা গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির গলায়। বলেন, পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলে টি২০ বিশ্বকাপে তাঁদের অংশগ্রহণ নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

এরপরই আইসিসি কড়া ভাবে জানায়, পাকিস্তান বিশ্বকাপে না খেললে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। এতে কাজ হয়েছে। বাংলাদেশের প্রতি সহানুভূতি বজায় রেখেও তড়িঘড়ি পাকিস্তান তাদের টি২০ বিশ্বকাপের দল ঘোষণা করেছে। এতে পাকিস্তানের খেলার ইচ্ছেটাই বেশি প্রকাশ পাচ্ছে। তবে এও শোনা গেছে, মহসিন নাকভি তাঁর ক্রিকেটারদের বলেছেন, দল ঘোষণা করা হয়েছে মানেই বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত নয়। চুড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার।

পাকিস্তান যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, তার নেতৃত্ব দেবেন সলমন আলি আগা। কোচ মাইক হেসেনের কৌশলে ভর করে টি২০ বিশ্বকাপে কড়া মোকাবিলা তুলে ধরতে তৈরি পাকিস্তান ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, সাম্প্রতিক টি২০ দল থেকে বাইরে থাকার পর বিশ্বকাপের দল ফিরেছেন ব্যাটার বাবর আজম ও বোলার শাহিন আফ্রিদি। বাবরের প্রত্যাবর্তনে যেখানে ব্যাটিং লাইনের ভারসাম্য বাড়বে, সেখানে অভিজ্ঞ পেসার শাহিন আফ্রিদির অন্তর্ভুক্তি দলের বোলিং আক্রমণের ঝাঁজ কয়েকগুন বাড়িয়ে দেবে। শাহিন ও নাসিম শাহর যুগলবন্দী যেকোন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে ঝামেলায় ফেলতে পারে এইধরনের সীমিত ওভারের ক্রিকেটে। তবে ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন পেসার হ্যারিস রউফ। ২০২৫য়ে এশিয়া কাপে পড়তি ফর্ম ও ফিটনেসের সমস্যা তাঁর বাদ যাওয়ার মূল কারণ। দলে জায়গা হয়নি উইকেটকিপার মহম্মদ রিজওয়ানেরও।

পাকিস্তানের টি২০ বিশ্বকাপের দল:‌ সলমন আলি আগা, আব্রার আহমেদ, বাবর আজম, ফাহিন আশরাফ, ফকর জামান, খোয়াজা মহম্মদ নাফায়(‌উইকেটকিপার)‌, মহম্মদ নওয়াজ, মহম্মদ সলমন মিরজা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান(‌উইকেটকিপার)‌, সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান(‌উইকেটকিপার)‌, উসমান তারিক।

পাকিস্তান সব ম্যাচ খেলবে কলম্বোয়। ৭, ১০, ১৫ ও ১৮ ফেব্রুয়ারিতে প্রতিপক্ষ হল্যান্ড, আমেরিকা, ভারত, নামিবিয়া।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *