অলস্পোর্ট ডেস্ক: আগে ঠিক ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ ক্রিকেট সিরিজের শেষ দুটি ম্যাচে ভারতীয় দলে ফিরবেন ব্যাটার তিলক ভার্মা। তলপেটে অস্ত্রোপচারের কারণে প্রথম ৩ ম্যাচে তিলককে দলের বাইরে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তাঁর জায়গায় শ্রেয়স আইয়ারকে দলে নেওয়া হয়েছিল। সেই শ্রেয়সকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাকি ২ ম্যাচেও দলে রেখে দেওয়া হল। সেটা তিলকের ভালর জন্যই। তাঁকে পুরো ফিট হওয়ার সুযোগ দিতে। যাতে পরের মাসে অনুষ্ঠেয় আইসিসি টি২০ বিশ্বকাপে তিলককে তাঁর স্বাভাবিক ছন্দে পাওয়া যায়। শ্রেয়স আইয়ার টি২০ বিশ্বকাপের দলে নেই। তাই টি২০ বিশ্বকাপে সরাসরি ভারতীয় দলে ফিরবেন তিলক।
বিসিসিআইয়ের তরফে বলা হয়েছে, তিলক বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে মাঠে ফেরার ট্রেণিং ভালমতোই শুরু করেছেন। ফিটনেসে উন্নতি নজরে আসছে। তবে ম্যাচ ফিট হওয়ার জন্য তিলকের আরও কিছুটা সময় প্রয়োজন। টি২০ বিশ্বকাপে তিলকের উপস্থিতি অবশ্যই জরুরি। এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে জয়ে তিলকের ব্যাটে পারফরমেন্স সকলেরই জানা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে ভারত ও দক্ষিণ আফ্রিকা মিলিয়ে তিলকের ব্যাটে সর্বাধিক রান এসেছিল। তিলকের অনুপস্থিতি বেশ ভালই কাজে লাগিয়েছেন ইশান কিষাণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়ে। টি২০ বিশ্বকাপে ইশানের সামনে নিয়মিত খেলার দরজা খুলে যেতে পারে, অন্য কারও জায়গায়।
তিলকের নবি মুম্বইয়ে ৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনুষ্ঠেয় একটি প্রস্তুতি ম্যাচে খেলার সম্ভাবনা আছে, তাঁর ম্যাচ ফিটনেস দেখে নিতে। কিন্তু পাঁজরের চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে যাওয়া ওয়াশিংটন সুন্দরের ভারতীয় দলে কবে ফিরবেন, তা নিয়ে কোনও সঠিক তথ্য নেই। টি২০ বিশ্বকাপে অলরাউন্ডার ওয়াশিংটনের চারজন প্রথম সারির স্পিন বোলারদের মধ্যে ভারতীয় দলে থাকার কথা। কিন্তু সবটাই নির্ভর করছে, তাঁর ফিটনেসের ওপর। সব দলই তাদের দলে প্রয়োজনীয় পরিবর্তন করতে পারে ৩০ জানুয়ারি পর্যন্ত। তারপর কোনও বদল চাইলে অনুমতি নিতে হবে আইসিসি ইভেন্ট টেকনিকাল কমিটির।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
