অলস্পোর্ট ডেস্ক: সত্যি কী বিচিত্র এই দেশ, বাংলাদেশ! নিজের দেশের ক্রিকেটার মুস্তাফিজুরকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআর থেকে বাতিল করে দেওয়ার প্রতিবাদে, নিরাপত্তার অভাববোধের দোহাই দিয়ে আইসিসি টি২০ বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্ত অনড় থাকল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর ফলে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করে তাদের জায়গায় স্কটল্যান্ডকে খেলার সুযোগ দিয়েছে। সেই বাংলাদেশই আবার আগামী মাসে দিল্লিতে ২ থেকে ১৪ ফেব্রুয়ারি এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য তাদের শুটিং দলের সদস্যদের অনুমতি দিয়েছে।
বাংলাদেশের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ৩ সদস্যের শুটিং কন্টিজেন্ট দেশের যুব ও ক্রীড়ামন্ত্রকের অনুমোদন পেয়েছে দিল্লি সফরের। এই দলে আছেন শুটার রবিউল ইসলাম, তাঁর কোচ শর্মিন আখতার, জুরি সদস্য সাইমা ফিরোজ।
বাংলাদেশ শুটিং দলের অংশগ্রহণের কথা স্বীকার করেছেন ভারতীয় রাইফেল অ্যাসোসিয়েশনের(এনআরএআই) সেক্রেটারি জেনারেল পবন সিং। বলেন, ‘ বাংলাদেশ শুটিং দলের অংশগ্রহণ একমাস আগেই ঠিক হয়ে গিয়েছিল। সব দেশের শুটিং দলের ক্লিয়ারেন্স দেওয়ার কাজ শুরু হয়েছিল ৩ মাস আগেই। আইওসি ও এনআরএআই চার্টারের সঙ্গে সামঞ্জস্য রেখে আইএসএসএফের নিয়ম মেনে এই কাজ করতে হয়েছে। এব্যাপারে ভারত সরকারের সবরকম সহযোগিতা পেয়েছি।’
বাংলাদেশ ক্রিকেট দল নিরাপত্তার প্রশ্নে টি২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসতে অস্বীকার করে। সেখানে বাংলাদেশ শুটিং দলের জন্য কোনও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কি তারা চেয়েছে? পবন সিং জানান, ‘ বাংলাদেশের শুটিং দল এর আগে বহুবার ভারতে এসেছে। তাই ওরা আমাদের কড়া প্রোটেকলের কথা জানে। কাস্টমস ক্লিয়ারেন্সের সময়ই সব দলের সদস্যের শুটিং সরঞ্জাম জমা নেওয়া হয়। পরে তা অনুশীলন ও প্রতিযোগিতার সময় শুটারদের হাতে তুলে দেওয়া হয়। আর তাই ওরা আত্মবিশ্বাসী, নিরাপত্তা নিয়ে বিশেষ আলাদা কোনও অনুরোধ রাখেনি।’ শুটিং চ্যাম্পিয়নশিপের মূল উদ্যোক্তা এশিয়ান শুটিং কনফেডারেশনের তরফেও এনিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
