অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার ইস্টবেঙ্গল মাঠে সেমিফাইনাল ম্যাচের শেষে দু’দফার ফল মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে থেকে মেহতাব হোসেনের প্রশিক্ষণপ্রাপ্ত সুন্দরবন বেঙ্গল অটো এফসিকে হারিয়ে বেঙ্গল সুপার লিগের ফাইনালে গেল জোস ব্যারেটোর দল হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। প্রথম দফায় ৪-৩ গোলে জিতে সুবিধাজনক অবস্থায় ছিল ব্যারেটো বাহিনী। দ্বিতীয় দফার সেমিফাইনাল গোলশূণ্য শেষ হওয়ায় ফাইনালে ওঠে তারা।
অন্যদিকে, আর এক সেমিফাইনালে কল্যানীর মাঠে প্রথম দফায় ০-১ গোলে পিছিয়ে থাকলেও শুক্রবার দ্বিতীয় দফায় ৩-০ গোল করে দু’দফা মিলিয়ে ৩-১ গোলে এগিয়ে থাকার সুবাদে উত্তর ২৪ পরগনাকে টেক্কা দিয়ে বিএসএল ফাইনালে গেল জেএইচআর রয়াল সিটি এফসি মালদা মুর্শিদাবাদ।
ইস্টবেঙ্গল মাঠে দ্বিতীয় দফার ম্যাচে হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের গোলকিপার অভিলাষ পালের হার না মানা মনোভাবের কারণেই সুন্দরবন গোল করতে পারেনি। তবে গোলের সুযোগ নষ্টও করে তারা। মাঝমাঠে নজরকাড়া ফুটবল খেলার জন্য ম্যাচের সেরা হন বিজয়ী দলের দীপ গায়েন।
কল্যানীর মাঠে শাহিদ রামনের কোচিং কৌশলে চমকপ্রদ ফুটবল খেলে ৩-০ গোলের জয় ছিনিয়ে নেয় মালদা মুর্শিদাবাদ বাহিনী সেমিফাইনালের দ্বিতীয় দফায়। অথচ প্রথম দফায় তারা উত্তর ২৪ পরগনার কাছে ০-১ গোলে হেরেছিল। ২৪ মিনিটে মালদা মুর্শিদাবাদ দলের হয়ে প্রথম গোল করেন সৌরভ রাম। ৮০ মিনিটে জোয়াও ভিটর ডি পল মোরাইস (জোটা) দূরপাল্লার শটে ২-০ করেন। ৮৯ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন আমিল নঈম। ম্যাচের সেরা বিজয়ী দলের ইরফান সর্দার।
রবিবার কল্যানী স্টেডিয়ামের মাঠে ফাইনালে মুখোমুখি হবে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স ও রয়াল সিটি এফসি মালদা মুর্শিদাবাদ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
