ছবি— সূর্যকুমার যাদবের এক্স থেকে
অলস্পোর্ট ডেস্ক: শনিবার টি-টোয়েন্টিতে নিজের ষষ্ঠ ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ পুরস্কার জিতে নেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। সিরিজের পঞ্চম ও শেষ টি২০ ম্যাচে ভারত ৪৬ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজটি ৪-১ ব্যবধানে শেষ করে। এর মাধ্যমে সূর্যকুমার টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ পুরস্কার জেতা খেলোয়াড় হিসেবেও নাম লিখিয়ে নেন। তিনি তাঁর স্বদেশী বিরাট কোহলির ঠিক পরেই রছেন, যার ঝুলিতে সর্বোচ্চ সাতটি প্লেয়ার অপ দ্য সিরিজ পুরস্কার রয়েছে। তিনি এই তালিকায় শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে যোগ দিয়েছেন, যিনিও টি-টোয়েন্টির সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ছয়টি পুরস্কার জিতেছেন।
পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়ের পর, সূর্যকুমার যাদব তৃতীয় ভারতীয় হিসেবে ৩,০০০ টি-টোয়েন্টি রানও পূর্ণ করেছেন, দ্বিতীয় ম্যাচে তার অর্ধশতকের আগে ২৩ ইনিংসের খারাপ সময় নিয়ে কথাও বলেন তিনি। তিনি বলেন যে, যদিও “এক বছর ধরে আকাশটা নীল ছিল না, তিনি জানতেন তার সময় আসবে”।
ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবচেয়ে বড় ঘটনা হলো, ভারত অধিনায়ক সূর্য ২৩ ইনিংসের ব্যর্থতা কাটিয়ে উঠেছেন। তিনি সিরিজে তিনটি হাফসেঞ্চুরি করে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে শেষ অ্যাসাইনমেন্টে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ জিতে নিয়েছেন। তিনি ৮০.৬৬ গড়ে ২৪২ রান করেছেন, যার স্ট্রাইক রেট ছিল ১৯৬-এর উপরে এবং ছিল তিনটি হাফসেঞ্চুরি। অধিনায়ক হিসেবেও সূর্যের পারফর্মেন্স নজর কেড়েছে, কারণ ভারত কোনও সিরিজ না হেরেই বিশ্বকাপে যাচ্ছে।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্যকুমার বলেন, “এটা একটা দীর্ঘ বছর এবং এই মুহূর্তগুলোর জন্য দীর্ঘ অপেক্ষা ছিল। আমি সবসময় স্বপ্ন দেখতাম যে এই সময়টা কখন আসবে। আমি গত এক বছর ধরে যা করছিলাম, ঠিক সেটাই করে গিয়েছিল এবং আমার রুটিন মেনে চলেছি। আমি জানতাম যে আমি ফর্মহীন ছিলাম না, শুধু রান পাচ্ছিলাম না। এটা খুব ভালো একটি সিরিজ ছিল, এবং এই অনুভূতি নিয়ে বিশ্বকাপে যাওয়াটা সত্যিই বিশেষ।”
ম্যাচে ভারত টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সঞ্জু এক অঙ্কের স্কোরে আউট হলেও, অভিষেক শর্মা (১৬ বলে ৩০ রান, চারটি বাউন্ডারি ও দুটি ছক্কা সহ) কিছুটা ভরসা দেন, ফলে ভারতের স্কোর দাঁড়ায় ৪৮/২। ঈশান কিষাণ (৪৩ বলে ১০৩ রান, ছয়টি চার ও ১০টি ছক্কা) এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের (৩০ বলে ৬৩ রান, চারটি বাউন্ডারি ও ছয়টি ছক্কা) মধ্যে ১৩৭ রানের জুটি দর্শকদের মুগ্ধ করেছে। এরপর হার্দিক পাণ্ড্যের একটি ঝড়ো ইনিংস (১৭ বলে ৪২ রান, একটি চার ও চারটি ছক্কা) ভারতকে ২০ ওভারে ২৭১/৫ স্কোরে পৌঁছে দেয়।
রান তাড়া করতে নেমে কিউইরা টিম সাইফার্টকে দ্রুত হারালেও, অ্যালেন (৩৮ বলে ৮০ রান, আটটি চার ও ছয়টি ছক্কা) এবং রাচিন রবীন্দ্রের (১৭ বলে ৩০ রান, দুটি চার ও দুটি ছক্কা) মধ্যে একটি শত রানের জুটি ভারতকে চাপে ফেলার জায়গায় পৌঁচে দিয়েছিল। তবে, অর্শদীপ সিং (৫/৫১) এবং অক্ষর প্যাটেল (৩/৩৩) কিউইদের মিডল অর্ডারকে গুঁড়িয়ে দেন এবং এক পর্যায়ে ১৯১/৯ হওয়ার পর তারা ২২৫ রানে অলআউট হয়ে যায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
