যশস্বী জয়সওয়াল
অলস্পোর্ট ডেস্ক: ১২ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ। সেখানে খেলতে দেখা যাবে না বিরাট, রোহিতদের। তাঁদের বাদ দিয়েই বুধবার ওয়েস্ট ইন্ডিজের সফরের জন্য টি-২০ সিরিজের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন হার্দিক পাণ্ড্যে এবং সহ-অধিনায়ক সূর্যকুমার যাদব।
ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ দেওয়া হয়েছে তরুণ ক্রিকেটারদের। যশস্বী জয়সওয়াল এবং তিলক বর্মারা জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলে। দেশের হয়ে এই প্রথম তাঁরা নামতে চলেছেন ক্যারাবিয়ানদের বিরুদ্ধে। এই দুই তরুণ প্লেয়ার ভারতীয় দলে জায়গা করে নিলেও দলে জায়গা হয়নি রিঙ্কু সিং-এর। কেকেআর-এর হয়ে তাঁর অসাধারণ ফিনিশিং দেখে অনেকেই ভেবেছিল তিনি হয়ত সুযোগ পাবেন ভারতের হয়ে খেলার। কিন্তু নির্বাচকরা এখনই তাঁকে দলে নিতে চান না। তাঁর আগে রিঙ্কুর আরও কিছু পারফরমেন্স দেখে নিতে চায় নির্বাচক দল।
মঙ্গলবার বিসিসিআইয়ের প্রধান নির্বাচক আসনে বসেছেন অজিত আগরকর। পদে বসার পরের দিনই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের নাম ঘোষণা করা হল। আগামী দিনে বিশ্বকাপ থেকে এশিয়া কাপের মতো ম্যাচে দল নির্বাচন তাঁর কাছে বড়ো পরীক্ষা হতে পারে বলে মনে করা হচ্ছে।
তিলক বর্মা মুম্বই ইন্ডিয়ান্সের একজন দক্ষ প্লেয়ার। মুম্বইয়ের হয়ে পাঁচ নম্বরে মাঠে নামেন তিনি। গত দু’মরসুমে ৪৭টি ম্যাচে তাঁর স্ট্রাইক রেট ১৪২-এর বেশি। স্বাভাবিকভাবেই তাঁর পারফরমেন্স চোখে পড়ে নির্বাচক প্রধান অজিত আগরকরের। অন্যদিকে জয়সওয়ালেরও অসাধারণ আইপিএল পারফরমেন্স নজর কেড়েছে তাঁর।
জয়সওয়াল ছাড়াও ভারতীয় ওপেনার ঈষান কিষাণ, শুভমান গিল থাকছেন এই দলে। উইকেট কিপার ঈষান কিষাণের সঙ্গে থাকছেন সঞ্জু স্যামসন। হার্দিক পাণ্ড্যের সহকারী হয়ে দলে ফিরেছেন সূর্যকুমার যাদব। এই দুই প্লেয়ারের অভিজ্ঞতা বেশি থাকায় তাঁদেরই নেতৃত্বের মতো বড় দায়িত্ব দেওয়া হয়েছে। চারজন স্পিনার অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই। চার পেসার অর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান এবং মুকেশ কুমারকে নেওয়া হয়েছে ভারতীয় দলে।
বিসিসিআই-এর বার্তায় বলা হয়েছে, ‘‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে বুধবার। ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জ এবং আমেরিকার ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে চলেছে ম্যাচগুলি।’’
ভারতের টি-টোয়েন্টি দল: হার্দিক পাণ্ড্যে (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান এবং মুকেশ কুমার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
