Cart Total Items (0)

Cart

All Sports

‌অলস্পোর্ট ডেস্ক:‌ বাংলাদেশের প্রতি আইসিসি দু’‌মুখো নীতি নিয়ে টি২০ বিশ্বকাপে তাদের খেলা থেকে বঞ্চিত করেছে এই অভিযোগ তুলে প্রতিবাদস্বরূপ এক অভিনব পদক্ষেপ নিয়েছে। আইসিসি টি২০ বিশ্বকাপে অংশগ্রহম করলেও পাকিস্তান জানিয়েছে, তারা ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠেয় ভারতের বিরুদ্ধে প্রাথমিক লিগ পর্যায়ের ম্যাচে অংশ নেবে না। তবে পরে নক আউটে ভারতের মুখোমুখি হলে পাকিস্তান কী করবে, সেটা কিছু বলেনি। এই ঘটনায় আইসিসি কড়া মনোভাব নিতে তৈরি। তারা ইতিমধ্যেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পাকিস্তান এমন কিছু করলে, তাদের বড় শাস্তির মুখে পড়তে হবে।

ভারতীয় দলের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের স্থির বিশ্বাস, পাকিস্তান মুখে যতই বলুক ভারতের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে না, কয়েকদিনের মধ্যে তারা ওই ভাবনা থেকে সরে এসে খেলার সিদ্ধান্ত নেবে। পাকিস্তান খুব ভালি জানে, না খেললে তাদের কতটা ক্ষতির মুখে পড়তে হবে। অশ্বিনের মতে, ‘‌ আমার দৃঢ় ধারনা ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে পাকিস্তান সরে আসবে ৩/‌৪ দিনের মধ্যেই। আমি ১০০ ভাগ নিশ্চিত ভারত-‌পাকিস্তান মোকাবিলা হবেই। আমি নিজে ম্যাচটা দেখতে আগ্রহী। এই ম্যাচের সঙ্গে অনেক ব্যবসায়িক সম্পর্ক জড়িয়ে থাকে। তাই শুধু আইসিসি নয়, ব্রডকাস্টার ছাড়াও বহু ব্যবসায়িক সংস্থা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জন্য সরব হতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ব্যবসায়িক লেনদেনও বন্ধ করে দিতে পারে।’‌

পাকিস্তানের এই আংশিক বয়কটের কোনও যৌক্তিকতা খুঁজে পাননি অশ্বিন। তাঁর প্রতিক্রিয়া, ‘‌ অতীতে আইসিসির টুর্নামেন্টে কোনও প্রতিপক্ষ বা কোনও দেশে খেলতে অস্বীকার করেছে, এটা নতুন নয়। তার পিছনে যথেষ্ট শক্তপোক্ত কারণ ছিল। নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইংল্যান্ড খেলতে চায়নি। কিন্তু এবারের টি২০ বিশ্বকাপে ইতিমধ্যেই সেকারমে পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ কেন্দ্রে দেওয়া হয়েছে। ভারত-‌পাকিস্তান রাখা হয়েছে কলম্বোয়। ভারতকে এই ম্যাচ খেলতে যেতে হচ্ছে শ্রীলঙ্কায়। সেখানে পাকিস্তানের এই ম্যাচ বয়কটের ভাবনাটা অর্থহীন।’‌

গত বছর ২০২৫ এশিয়া কাপে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল ৩ বার। দু’‌দেশের মধ্যে রাজনৈতিক টেনশন সেসময় তুঙ্গে থাকা সত্ত্বেও। এমনকি পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে বিতর্ক সারা বিশ্বে ঝড় তুলেছিল। বর্তমানে এমন কিছু ঘটেনি, যাতে ভারত ম্যাচ বয়কট করার কোনও যুক্তি আছে বলে মনে করেছেন না অনেকেই। বরং তাঁরা মনে করছেন, ভারতের কাছে হেরে হেরে কোনঠাসা পাকিস্তান আর একটা হারের ভয়ে খেলতে চাইছে না প্রাথমিক পর্বে।

পাকিস্তান অবশ্য ইতিমধ্যেই কলম্বো পৌঁছে গেছে টি২০ বিশ্বকাপে খেলতে। তারা আয়ারল্যান্ডের বিরুদ্ধে বুধবার একটা প্রস্তুতি ম্যাচও খেলবে। প্রাথমিক পর্বে লিগ পর্যায়ের বাকি ম্যাচ খেললেও ভারতের বিরুদ্ধে মাঠে নামবে কিনা পাকিস্তান, সেটা কয়েকদিনের মধ্যে আরও পরিষ্কার হয়ে যাবে। যতদূর জানা গেছে, বিসিসিআই বা আইসিসির সঙ্গে এনিয়ে কোনও বৈঠক হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের(‌পিসিবি)‌ বয়কট জট কাটাতে। আইসিসির বক্তব্য খুব স্পষ্ট, হয় খেল, নয় শৃঙ্খলাভঙ্গের শাস্তি ভোগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *