Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে ভারতের সামনে আর মাত্র একটিই বাধা রয়ে গেল। আর সেটা হল ফাইনাল। কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল ভারতের যুব দল। বুধবার হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধা‌ন্ত নেয় আফগানিস্তান। প্রথমে ব্যাট করে জোড়া সেঞ্চুরির সৌজন্যে ৩১০ রানের পাহাড় তৈরি করে আফগানরা। কিন্তু সেই রান কোনওভাবেই ভারতকে পরাস্ত করতে পারেনি ভারত অনূর্ধ্ব-১৯ দলকে। অনেক আগেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এই রানে পৌঁছতে ভারতের লাগে একটি সেঞ্চুরি আর দু’টি হাফসেঞ্চুরি। ৫৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করল ভারত। ফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের দুই ওপেনার ওসমান সাদাত ও খালিদ আহমেদজাই ৩৯ ও ৩১ রানে আউট হয়ে যান। ১১৭ রানে দুই উইকেট থেকে আফগানিস্তানের রানকে ২৬৫-তে নিয়ে যান দলের তিন ও চার নম্বর ব্যাটার। ফয়জল শিনোজাদা ৯৩ বলে ১১০ রানের ইনিংস খেলেন। সঙ্গে উজায়রুল্লাহ নিয়াজাই ৮৬ বলে ১০১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ১২ রানে ফেরেন আজিজুল্লাহ মিয়াখিম। ৭ রানে অপরাজিত থাকেন আব্দুল আজিজ। ৫০ ওভারে ৩১০-৪-এ থামে আফগানিস্তান।

ভারতের হয়ে বল হাতে দুটো করে উইকেট পান দীপেশ দেবেন্দ্রন ও কনিষ্ক চৌহান। জবাবে ব্যাট করতে নেমেই জয়ের লক্ষ্যে লড়াই শুরু করেন ভারতের ব্যাটাররা। ওপেনার অ্যারন জর্জ ও বৈভব সূর্যবংশীর ওপেনিং জুটিতে ৯০ রান তোলে ভারত। ৩৩ বলে ৬৮ রান করে ফেরেন সূর্যবংশী। তিন নম্বরে নেমে অধিনায়ক আয়ুশ মাত্রে জর্জের সঙ্গে বাকি কাজ করে দেন। ৬২ রানের ইনিংস খেলেন তিনি। অ্যারন জর্জ করেন ১১৫ রান। ততক্ষণে অবশ্য ৩০০ রানের গন্ডি পেরিয়ে গিয়েছে ভারত। এর পর বিহান মালহোত্রা ৩৮ ও বেদান্ত ত্রিবেদী ৫ রানে অপরাজিত থাকেন।

৪১.১ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের ৩১১ রান তুলে নেয় বিধ্বংসী মেজাজে থাকা ভারত। আফগানিস্তানের হয়ে নুরিস্তানি ওমরজাই ২ ও ওয়াহিদুল্লাহ জারদান ১ উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন অ্যারন জর্জ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *