অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার হর্ষিত রানা চোটের কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন। বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচে চোট পান হর্ষিত রানা। প্রস্তুতি ম্যাচের সময় তাঁকে দেখা গিয়েছিল খোঁড়াতে খোঁড়াতো মাঠ ছাড়তে এবং সূত্রের খবর, তিনি জয়েন্টের ব্যথায় ভুগছেন। ভারতের প্রস্তুতি ম্যাচে হর্ষিত তাঁর একমাত্র ওভারে ১৬ রান দেন, যেখানে তাঁর শারীরিক অস্বস্তি স্পষ্ট ছিল। শনিবার প্রতিযোগিতার প্রথম ম্যাচে ভারত যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, “হর্ষিতের অবস্থা ভালো নয়। আমরা আজই জানতে পারব।”
অধিনায়কের এই বক্তব্যের মধ্যেই নিহিত ছিল তাঁর ছিটকে যাওয়ার কাহিনী। তবে এখনও সরকারিভাবে তাঁর ছিটকে যাওয়ার কথা ঘোষণা করা হয়নি।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আরও বলেন, “যদি হর্ষিত ছিটকে যায়, তবে এটি একটি বড় ধাক্কা হবে। আমাদের অন্য কম্বিনেশন দেখতে হবে। তবে আমাদের যথেষ্ট বেঞ্চ শক্তি রয়েছে।”
তাঁর সম্ভাব্য বিকল্প সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সূর্যকুমার বলেন যে দলে অন্য একজন অলরাউন্ডারকে অন্তর্ভুক্ত করা হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমরা দেখব। এমন কোনও ধরাবাঁধা নিয়ম নেই যে তাকে একজন অলরাউন্ডারই হতে হবে।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
