ছবি— বিসিসিআই এক্স
অলস্পোর্ট ডেস্ক: বৈভব সূর্যবংশীর রেকর্ড ব্রেকিং সেঞ্চুরি আর ভারতের ৪০০ ছুঁই ছুঁই রান, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দেখা গেল ভারতের দাপুটে ব্যাটিং। ওয়েস্ট ইন্ডিজের হারারে-তে শুক্রবার বসেছিল ফাইনালের আসর। যেখানে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। যেখানে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক আয়ুষ মাত্রে। ব্যাট হাতে শুরু থেকেই বিধ্বংসী হয়ে ওঠা ভারত ৯ উইকেটে ৪১১ রানের পাহাড় তৈরি করে। যা টপকে যাওয়া সম্ভব ছিল না কোনও দলের পক্ষেই। ১০০ রানে জিতে বিশ্বকাপ ট্রফি সঙ্গে নিয়েই দেশে ফিরছে ভারতের নতুন প্রজন্ম।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারতের ওপেনার অ্যারন জর্জ ৯ রানে আউট হয়ে যাওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন সেই বৈভব সূর্যবংশী। সঙ্গে অধিনায়ক আয়ুষ মাত্রে। তবে এই টুর্নামেন্ট লেখা থাকল ভারতের বৈভবের নামেই। পুরো টুর্নামেন্টের পাশাপাশি ফাইনালেও বাজিমাত করলেন ১৪ বছরের এই ছেলে। যাঁকে নিয়ে গত কয়েকবছর ধরে স্বপ্ন দেখছে ভারতীয় ক্রিকেট। যে নিজেও সেই স্বপ্নের মান রাখছেন প্রতিনিয়ত। এদিন অ্যারন জর্জের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন বৈভব। একগুচ্ছ রেকর্ড করলেন তবে অল্পের জন্য হাতছাড়া করলেন ডবল সেঞ্চুরি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে দ্রুততম সেঞ্চুরির পাশাপাশি মাত্র ৮০ বলে ১৭৫ রানের ইনিংস খেললেন তিনি। যা সাজানো ছিল ১৫টি বাউন্ডারি ও ১৫টি ওভার বাউন্ডারি দিয়ে।
তার পরই রয়েছেন অধিনায়ক আয়ুশ মাত্রে। তিন নম্বরে নেমে বৈভবকে তাঁর যোগ্য সঙ্গতই দলের রানকে বিশাল জায়গায় নিয়ে যায়। তিনি ৫৩ রানের ইনিংস খেলেন। এর পর ভেদান্ত ত্রিবেদী ৩২, ভিহান মালহোত্রা ৩০, অভিজ্ঞান কুন্ডু ৪০, আরএস অম্বরিশ ১৮, খিলান প্যাটেল ৩,কনিষ্ক চৌহান ৩৭, ফেনিল প্যাটেল ৫ রান করে আউট হন। কনিষ্ক চৌহান ৩৭ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন জেমস মিন্টো। দুটো করে উইকেট নেন অ্যালেক্স গ্রিন ও সেবাস্টিয়ান মর্গ্যান। এক উইকেট মেনি লামসডেনের।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও লড়াই চালিয়ে যায় ইংল্যান্ড দল। ওপেনার জোসেফ মুরস ১৭ রানে আউট হয়ে যাওয়ার পর লড়াই চালিয়ে যান বেন ডওকিনস। ৬৬ রান করেন তিনি। তাঁকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন তিন নম্বরে নামা বেন মায়েস। ৪৫ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া অধিনায়ক থমাস রিউ ৩১, রালফি অ্যালবার্ট ০, ফারহান আহমেদ ১, সেবাস্টিয়ান মর্গ্যান ০, জেমস মিন্টো ২৮, ম্যানি লামসডেন৩ রানে আউট হয়ে যান। এর মধ্যেই শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান কালেব ফালকোনার। ৬৭ বলে ১১৫ রান করে আউট হন তিনি।তবে দলকে জেতানোর জন্য তার যথেষ্ট ছিল না। ৪০.২ ওভারে ৩১১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
ভারতের হয়ে তিন উইকেট নেন আরএস অম্বরিশ। দুই উইকেট দীপেন দেবেন্দ্রন ও কনিষ্ক চৌহানের। একটি করে উইকেট খিলান প্যাটেল, আয়ুশ মাত্রের। ম্যাচের ও টুর্নামেন্টের সেরা বৈভব সূর্যবংশী।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
