Photo Courtesy: ICC
অলস্পোর্ট ডেস্ক: আইসিসি টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে হল্যান্ডের বিরুদ্ধে কষ্টসাধ্য জয় পেলেও মঙ্গলবার কলম্বোর মাঠে দ্বিতীয় ম্যাচে আমেরিকার বিরুদ্ধে ৩২ রানের অনায়াস জয় তুলে নিয়ে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল পাকিস্তান। আমেরিকা টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় প্রথমে। তবে কম রানে পাকিস্তানকে বেঁধে রাখতে পারেনি। পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটে ১৯০ রান তোলে। অনভিজ্ঞ আমেরিকা সেই রান তাড়া করে ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি।
পাকিস্তানকে ২০২৪য়ে হারিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছিল আমেরিকা। ওই হারের ফলে পাকিস্তান লিগ পর্ব থেকেই ছিটকে যায়। এবার অবশ্য তেমন কিছু ঘটেনি। বরং আগের হারের বদলা নিল ম্যাচের ওপর আধিপত্য বজায় রেখে। পাকিস্তানের এই জয়ের পেছনে ব্যাট হাতে যেখানে অবদান রয়েছে শাহিবজাদা ফরহান( ৪১ বলে ৭৩ রান), বাবর আজম(৩২ বলে ৪৬ রান), ও শাদাব খানের( ১২ বলে ৩০ রান) ইনিংস, সেখানে বল হাতে ভেল্কি দেখিয়েছেন উসমান তারিক, শাদাব খান ও মহম্মদ নওয়াজ। পাকিস্তান ২০০ রানের গন্ডি পেরোতে পারত, একটা সময় মাত্র ১০ বলে ৫ উইকেট না খোয়ালে। ১১৭ রানে ৪ উইকেট থেকে ২০ ওভারে বাকি ৫ উইকেট খুইয়ে ১৯০ রানে থেমে যায় পাকিস্তান। আমেরিকার পক্ষে বোলার এস ভ্যান শ্যাকেলউইক ২৫ রান দিয়ে ৪ উইকেট পান। এই টুর্নামেন্টে তাঁর ঝুলিতে এখন ৭ উইকেট।
আমেরিকা ব্যাট করতে নেমে কখনওই জেতার মতো কোনও জমাট জুটির সন্ধান পায়নি। শুভম রঞ্জনে (৫১) শায়ন জাহাঙ্গির ( ৪৯) ছাড়া ব্যাট হাতে আর কেউ উল্লেখযোগ্য রান পাননি। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোর ফলে ১৫৮ রানের বেশি তোলা সম্ভব হয়নি অনভিজ্ঞ আমেরিকার ব্যাটারদের পক্ষে। একইসঙ্গে কৃতিত্ব দিতে হবে পাকিস্তানের নবীন স্পিনার উসমান তারিক( ৩-২৭) ও বোলার শাদাব খানকে( ২-২৬)। উমসান তারিক তো ১৮তম ওভারে পরপর ২ বলে হরমীত সিং ও মহম্মদ মহসিনকে আউট করে টি২০ বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে প্রথমবার হ্যাটট্রিক করার দোড়গোড়ায় পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তাঁর লক্ষ্যপূরণ হয়নি। শাহিন আফ্রিদির বলে শুভম রঞ্জনে এলবিডব্লিউ আউট হতেই পাকিস্তানের জয় নিশ্চিত হয়ে যায়।
ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা বলেন, ‘ আমেরিকার বিরুদ্ধে আধিপত্য নিয়ে জয়ে খুশি। পাওয়ার প্লেতে আমরা ভাল ব্যাট করেছি। এমনকি ইনিংসের মাঝেও ভাল রান এসেছে। ১৯০ রান তোলার পর বুঝে গিয়েছিলাম, ওই রান ডিফেন্ড করতে পারব। কারণ সেই ধরনের বোলিং আক্রমণ আমাদের হাতে আছে। তবে উন্নতির জায়গা সবসময় আছে। পাওয়ার প্লেতে আমাদের বোলিংটা আরও টাইট হওয়া দরকার। অবশ্যই পরের ম্যাচগুলোয় সেটা গোটা দলের মাথায় থাকবে।’ বুঝতে অসুবিধা নেই আমেরিকা বধের পর ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভারত ম্যাচের জন্য মানসিক প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন সলমন আলি, বাবর আজম, শাহিন আফ্রিদিরা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
