অলস্পোর্ট ডেস্ক: আইসিসি টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে হল্যান্ডের বিরুদ্ধে জিততে রীতিমতো কালঘাম ছুটেছিল পাকিস্তান ক্রিকেট দলের। তবে আমেরিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে অনায়াস জয় পেয়েছে তারা। আর তাতেই ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠেয় ম্যাচের আগে পাকিস্তান শিবিরের গলার জোর বেড়ে গেছে। পাকিস্তানের ক্রিকেটার শাহিবজাদা ফরহান তো হুঙ্কারের সুরে বলেই দিয়েছেন, ভারতের সঙ্গে তাঁদের ম্যাচ একতরফা হবে না। অর্থাৎ বিশ্বকাপের সব ফরম্যাটেই ভারতের যে জয়যাত্রা চলে এসেছে এতদিন, এবার তা হতে দেবেন না তাঁরা। বিশ্বকাপের সব ফরম্যাট মিলিয়ে ১০টি সাক্ষাতের মধ্যে ৮টিই জিতেছে ভারত। সেই ফল উল্টোতে মরিয়া ফারহান ও তাঁর সতীর্থরা কলম্বোর মাঠে।
বিভিন্ন মহল থেকে পাকিস্তানের বিরুদ্ধে একতরফা সাফল্য পাওয়া নিয়ে নানা কথা বলা হচ্ছে ১৫ ফেব্রুয়ারি হাইভোল্টেজ ম্যাচের আগে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, পাকিস্তানের এই বর্তমান দলটা দুরন্ত ছন্দে থাকা সূর্যকুমার যাদব ও তাঁর ক্রিকেটারদের টেক্কা দিতে পারবেন কি? শাহিবজাদা ফরহান জানেন, সতীর্থদের ওপর চাপ কমাতে হলে, তাঁকে এমন কিছু বলতে হবে, যাতে দলের আত্মবিশ্বাস বজায় থাকে। ফরহান গত এশিয়া কাপ ফাইনালের কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, ‘ ভুললে চলবে না, এশিয়া কাপ ফাইনাল একতরফা হয়নি। লড়াই চলেছিল শেষপর্যন্ত। কলম্বোর মাঠে টি২০ বিশ্বকাপের ম্যাচেও সেই লড়াইটা থাকবে। ভারত যেন না ভাবে সহজে ম্যাচ জিতবে।’
ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে এমনিতেই একটা বাড়তি টেনশন থাকে দু’দল ক্রিকেটারদের মধ্যে। আর এ কারণেই পাকিস্তান ব্যাটিংয়ের অন্যতম ভরসা ফরহান নিজের দলের ক্রিকেটারদের আবেগ প্রশমিত করার চেষ্টায়। তাঁর বক্তব্য, ‘ মনে করি, যখন ব্যাটে রান আসছে, তখন আত্মবিশ্বাসের অভাব হওয়ার কথা নয়। নিজেও আত্মবিশ্বাসী। বিশেষ করে গত দু’টো ম্যাচে যেভাবে রান পেয়েছি, তাতে। শাদাব খান, মহম্মদ নওয়াজও রান পেয়েছে। ভারতের বিরুদ্ধে ম্যাচটা আর পাঁচটা সাধারন ম্যাচ হিসেবে নিয়েই খেলতে নামব। ভারতের বিরুদ্ধে খেলছি ভেবে বাড়তি কোনও চাপ নেওয়ার প্রয়োজন নেই। অন্য ম্যাচগুলো যেভাবে খেলি, এটা তেমনই খেলব। ম্যাচটা উপভোগ করব। ভারতের বিরুদ্ধে এই প্রথমবার খেলব, এমন তো নয়।’
ভারতের বিরুদ্ধে শাহিবজাদা ফরহান পাকিস্তানের পক্ষে এক্স-ফ্যাক্টর হতে পারেন। তার বড় কারণ ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচে ফরহানের ব্যাট থেকে এসেছে ১৫৫ রান। যার মধ্যে দুটো অর্ধশতরান। চলতি বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে ৪১ বলে ৭৩ রান করেছেন তিনি। ১৫ ফেব্রুয়ারির ম্যাচে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রণ করে ফরহান তাঁর আক্রমণাত্মক মেজাজ দেখিয়ে বড় রান পেলে, মাঝের ও পরের দিকের ব্যাটাররা বড় রানের লক্ষ্যমাত্রা গড়ার সুযোগ পাবেন।
সূর্যকুমার যাদব ও তাঁর সতীর্থরা অবশ্য এখন থেকেই পাকিস্তান ম্যাচে ফোকাস করছেন না। ফরহান যতই তাঁদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিন না কেন। ভারতীয় দলের লক্ষ্য এখন শুধুই নামিবিয়া ম্যাচে জয় পাওয়া। সেই ম্যাচ জেতার পর পাকস্তান ম্যাচ নিয়ে ভাবনা শুরু করবেন সূর্যকুমাররা। গত এশিয়া কাপে যাদের তিনবার হারিয়েছেন , সেই পাকিস্তানকে নিয়ে বাড়তি ভেবে নিজেদের খেলা খারাপ করবেনই বা কেন সূর্যকুমাররা। যেখানে ব্যাটে ও বলে ভারতী্য দলের গভীরতা বারবার প্রমাণিত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
