—নিজস্ব চিত্র
সুচরিতা সেন চৌধুরী: অনেকদিন আবার প্রতিযোগিতামূলক ফুটবল। ভারতীয় ফুটবলের বড় দলগুলোর কাছে চ্যালেঞ্জ তো বটেই। ভারতীয় ফুটবলে বড় দলের মানদন্ড নির্ধারিত করে দেয় আইএসএল। এই বছর যা বন্ধ হতে বসেছিল। শেষ পর্যন্ত অনেক কাঠখড় পোড়ানোর পর শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হয়ে গেল আইএসএল। উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ২-০ গোলে হারিয়ে জয় দিয়েই শুরু করেছে মোহনবাগান। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই খুশি দলের কোচ, ফুটবলাররা। মেনেও নিলেন সে কথা। কেরালাকে হারিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মোহনবাগান কোচ সার্জিও লোবেরা ও ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন। দু’জনেই জানিয়ে দিলেন, জয় এসেছে, তবে এখনও দলের মধ্যে অনেক উন্নতির জায়গা রয়েছে।
লোবেরা বলছিলেন, ‘‘প্রথম ম্যাচ সব সময়ই কঠিন। সেই ম্যাচ আমরা জিতেছি, স্বাভাবিকভাবেই আমি খুশি। দলের পারফর্মেন্সেও আমি খুশি। কিন্তু একজন কোচ হিসেবে আমাদের অনেক জায়গায় এখনও অনেক উন্নতি করতে হবে।’’ এর সঙ্গে তিনি জুড়ে দেন, ‘‘কিছু জিনিস নিয়ে আমি অবশ্যই খুশি। কিছু আমাকে উন্নতি করতে হবে।’’
এর সঙ্গে লোবেরা এও মেনে নিলেন, প্রথম ১৫ মিনিট যেভাবে দল আক্রমণ করছিল তাতে গোল হওয়া উচিত ছিল। এত গোলের সুযোগ তৈরি করেও ৯০ মিনিটে মাত্র ১ গোল চিন্তায় রাখছে কোচকে। দ্বিতীয় গোল এল ৯৬ মিনিটে। তার মধ্যে প্রতিপক্ষ একটা গোল করে দিলেই বিপদে পড়ে যেতে হত মোহনবাগানকে। যদিও তেমন কিছু হয়নি। ২-০ গোলে জিতেই মাঠ ছেড়েছে মোহনবাগান। লোবেরা বলছিলেন, ‘‘অনেকদিন পর ফুটবল। এই মুহূর্তটার জন্যই আমরা সবাই অপেক্ষা করছিলাম। যে ফিক্সচার তৈরি হয়েছে, পেশাদার হিসেবে সেটার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। শুরুতে আমরা সেই প্রত্যাশিত জয়টা পেয়েছি, সেটা আনন্দের।’’
পাশাপাশি নিজের দল নিয়েও খুশি তিনি। অভিষেক সিংয়ের মোহনবাগানের জার্সিতে প্রথম ম্যাচ থেকে লিস্টন কোলাসোর জায়গা পরিবর্তন, সবটাই হয়েছে তাঁর পরিকল্পনা অনুযায়ীই। প্রথম পরীক্ষা-নিরিক্ষায় সফল কোচ সার্জিও লোবেরা। বলছিলেন, ‘‘আমার হাতে খুব ভালো দল রয়েছে। লিস্টনকে আমি গোয়া থেকে চিনি। আমি জানি ও কোথায় কেমন খেলতে পারে। রবসন থাকায় আমি লিস্টনকে ডানদিকে খেলিয়েছি আর ও ভালো খেলেছে।’’
এদিন মোহনবাগানের প্রথম গোলটি আসে জেমি ম্যাকলারেনের পা থেকে। কেরালার বিরুদ্ধে তাঁর গোল করার হিসেব বলছে তিনি সব থেকে বেশি মুখিয়ে থাকেন এই দলের বিরুদ্ধেই। মেনেও নিলেন ম্যাকলারেন। বলছিলেন, ‘‘হতেও পারে।’’ তবে ১০০ দিনের বেশি খেলার বাইরে থাকার পর প্রতিযোগিতায় ফেরা নিয়ে মুখ খুললেন তিনি। বলছিলেন, ‘‘জয় এসেছে, স্বাভাবিকভাবে আমরা খুশি। কিন্তু আমাদের উন্নতি করার অনেক জায়গা রয়েছে। অনেকদিন পর প্রতিযোগিতায় খেলতে নামাটা আলাদা। কিন্তু আমরা অনুশীলন ম্যাচ খেলেছি। কিন্তু এটা আলাদা পর্যায়ের প্রতিগোগিতা।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
