Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা বেশ খারাপ। ২০২৩ সালের আগস্ট মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকে রায়ওয়ালপিন্ডি জেলে তিনি বন্দী। দিন দিন ইমরানের স্বাস্থ্যের অবনতি ঘটছে। জানা গেছে, ৭৩ বছরের পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও প্রধানমন্ত্রী ইমরান তাঁর ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন। এতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা বিশ্বকাপ জয়ের নায়ক ইমরানের শারীরিক সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সেই দলে আছেন ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার ও শাহিদ আফ্রিদির মতো নামী ক্রিকেটাররা। তাঁরা জোরালো দাবি তুলেছেন, দেশের ক্রিকেটের প্রাক্তন হিরোর দৃষ্টিশক্তি বাঁচাতে ইমরানের সুচিকিৎসার জন্য নামী কোনও হাসপাতালে যেন স্থানান্তরিত করা হয় জেলের ঘেরাটোপ থেকে।

১৯৯২ বিশ্বকাপ জয়ে পাকিস্তান অধিনায়ক ইমরানের সঙ্গে সমান অংশীদার ছিলে পেসার ওয়াসিম আক্রম। তিনি মর্মাহত ইমরানের স্বাস্থ্যের খবরে। পাকিস্তানের ডন পত্রিকায় তাঁর প্রতিক্রিয়া, ‘‌ আমাদের অধিনায়ক ক্রিকেট হিরো ইরমানের অসুস্থতার খবরটা সত্যি খুব হৃদয়বিদারক। আশা করব, সরকারি প্রশাসন ইমরানের শারীরিক সমস্যার বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবে, আর যাতে ইমরান সবচেয়ে ভাল চিকিৎসার সুযোগ পায়, সেটা সুনিশ্চিত করবে। আমি ইমরানের দ্রুত আরোগ্য কামনা করি।’‌

পাকিস্তানের আর এক জোরে বোলার ওয়াকার ইউনুস আবেদন করেছেন দেশের কর্তৃপক্ষের কাছে ইমরানের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য। ইউনুসের বক্তব্য, ‘‌ রাজনৈতির মতবিরোধ এই মুহূর্তে সরিয়ে রেখে পাকিস্তান সরকারের ইমরানের পাশে থাকা উচিত। কারণ ইমরান ক্রিকেটার ও প্রধানমন্ত্রী হিসেবে দেশের জন্য কী করেছে সেটা সকলেরই জানা। খেলার মাঠে সর্বোচ্চ স্বীকৃতি বিশ্বকাপ জেতানোর কৃতিত্ব রয়েছে ইমরানে। যার জন্য দেশ আজও গর্ব অনুভব করে। তাছাড়া দেশে ক্যান্সার হাসপাতাল তৈরি করে বহু মানুষের উপকার করেছেন। এমনকি আমার মা যখন ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, তখন ইমরান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। ওর হাসপাতালে রেখে চিকিৎসা করিয়েছিল। আর আজ যখন ইমরান নিজে অসুস্থ, তার চিকিৎসার যেন কোনও অবহেলা না হয়, তা চাইব। সরকার যেন ওর চিকিৎসার সবরকম ব্যবস্থা করে। দ্রুত সুস্থ হয়ে ওঠো স্কিপার।’‌

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা, মহম্মদ হাফিজ, শাহিদ আফ্রিদি, স্পিডস্টার শোয়েব আখতারও উদ্বিগ্ন ইমরানের স্বাস্থ্য নিয়ে। শোয়েব গত তিনমাস ধরে ইমরানের শওকত খানুম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টারের জন্য আমেরিকায় অর্থ সংগ্রহে ব্যস্ত ছিলেন বলে দাবি করেছেন। শুধু পাকিস্তানের ক্রিকেট মহল নয়, ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করে ইমরানের জন্য কিছু করার জন্য আবেদন জানিয়েছেন।

শোনা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট মহলের এই জোরালো দাবি মেনে ইমরানের সুচিকিৎসার বন্দোবস্তের উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার। তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়েছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *