অলস্পোর্ট ডেস্ক: বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অন্যতম সদস্য কিংবদন্তী ফুটবলার জিনেদিন জিদান আবার কোচিংয়ে ফিরতে চলেছেন। তবে এবার আর রিয়েল মাদ্রিদ বা কোনও ক্লাব দলের কোচ হিসেবে নয়, ফ্রান্স জাতীয় দলের পরবর্তী কোচ হতে চলেছেন জিদান। বড় কোনও বদল এর মাঝে ফরাসী ফুটবল সংস্থার কর্তাদের মনোভাবে না ঘটলে। ফিফা ২০২৬ বিশ্বকাপের পর দিদিয়ের দেশঁর জায়গায় ফ্রান্স জাতীয় দলের কোচের ভূমিকায় জিদানকে ভেবে রেখেছেন তাঁরা।
ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, জিদানের সঙ্গে তাঁর মৌখিক কথা হয়েই গেছে। ২০২৬ বিশ্বকাপের পর জিজু জাতীয় দলের দায়িত্ব নিতে রাজি। গত পাঁচ বছর ধরে বিভিন্ন মহল থেকেই বলা হয়েছে, দেশঁর পর ফ্রান্স জাতীয় দলের কোচের পদে বসার উপযুক্ত লোক হলেন জিদান। ফরাসি ফুটবল সমর্থক ও জিদান ভক্তদের সেই স্বপ্নপূরণ হতে চলেছে। ফরাসি ফুটবল সংস্থার কর্তা রোমানো জানিয়েছেন, জিদানের চুক্তিপত্রে সই করাটাই যা বাকি, নইলে তাঁর কোচ হওয়ার বিষয়টি সংস্থার বৈঠকে চুড়ান্ত হয়ে গেছে।
রিয়েল মাদ্রিদের কোচের পদ ছেড়েছিলেন জিদান ২০২১ সালে। তারপর ৫ বছর কেটে গেছে, জিদান কোনও রকম টিম ম্যানেজমেন্টের সঙ্গে নিজেকে জড়াননি। অনেক প্রস্তাব প্রত্যাখান করেছেন। কানেই তোলেননি। কারণ জিদানের একটাই লক্ষ্য ছিল ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া। তাঁর সেই ইচ্ছাপূরণ হওয়া শুধু সময়ের অপেক্ষা।
জাতীয় দলের কোচ হিসেবে জিজুকে পছন্দ দেশবাসীর। কারণ জিদানের নেতৃত্বেই প্রথমবার ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। ১০৮ বার ফ্রান্সের জার্সি গায়ে ইওরো ২০০০ জেতা ছাড়াও জার্মানি ২০০৬ বিশ্বকাপে রানার্স খেতাব পান তিনি। পরবর্তী সময় রিয়েল মাদ্রিদের কোচ হিসেবে সাফল্য পাওয়ার পর থেকেই জিদানকে ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে দেখার আবদার করে চলেছিলেন দেশের মানুষ। এবার তাঁদের সে ইচ্ছা পূর্ণ হতে চলেছে।
তবে জাতীয় দলের কোচ হিসেবে জিদানের কাজটা হবে বেশ চ্যালেঞ্জিং। কারণ জিদানের ওপর সাফল্য ধরে রাখার প্রত্যাশার চাপ থাকবে। ইতিমধ্যেই বর্তমান কোচ দেশঁ ২০১৮য়ে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করেছেন। ২০২২ কাতার বিশ্বকাপে রানার্স। ২০২৬ ইওরো কাপে রানার্স। তাই ফ্রান্সবাসী জিদানের কাছে এই ধরনের সাফল্যের আশা যে করবেন, সেটা বলাই বাহুল্য।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
