Cart Total Items (0)

Cart

All Sports India
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

অলস্পোর্ট ডেস্ক: ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে এশিয়ান ফুটবল কনফেডারেশন এই সপ্তাহে মধ্যপ্রাচ্যে নির্ধারিত মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফুটবলের এশিয়ান গভর্নিং বডি রবিবার এক বিবৃতিতে জানিয়েছে যে পশ্চিম অঞ্চলে সোমবার ও মঙ্গলবার নির্ধারিত এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট রাউন্ড অফ ১৬ খেলাগুলি পুনরায় নির্ধারণ করা হবে। পশ্চিম অঞ্চলে মঙ্গলবার ও বুধবার নির্ধারিত এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ এবং এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালগুলিও স্থগিত করা হয়েছে। নতুন কোনও তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। পরিস্থিতি দেখেই পরবর্তী সময়ে নতুন দিনক্ষণ নিশ্চিত করা হবে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সৌদি ক্লাব আল-নাসর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলির মধ্যে রয়েছে। তাদের দুবাইতে আমিরাতের দল আল-ওয়াসলের মুখোমুখি হওয়ার কথা ছিল। আয়োজকরা জানিয়েছেন, এএফসির সমস্ত মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে পূর্ব অঞ্চলে ম্যাচগুলি নির্ধারিত সময়সূচী অনুসারে চলবে।

“এএফসি হঠাৎ তৈরি হওয়া জরুরী অবস্থার দিকে নিবিড়ভাবে নজর রেখেছে এবং সমস্ত খেলোয়াড়, দল, কর্মকর্তা এবং ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে,” এএফসি এক বিবৃতিতে জানিয়েছে।

এএফসি রবিবার থেকে অস্ট্রেলিয়ায় মহিলা এশিয়ান কাপ আয়োজন করছে। ১২টি জাতীয় দলের মধ্যে একটি ইরান, সোমবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলবে।

কুইন্সল্যান্ড রাজ্যের গোল্ড কোস্টে রবিবার নির্ধারিত প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে ইরানের প্রধান কোচ মারজিয়া জাফারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সামরিক হামলা বা মৃত্যু নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

“আমি মনে করি না আমাদের এই বিষয়গুলি নিয়ে এখনই কথা বলা উচিত,” জাফারি ইংরেজিতে অনুবাদ করা মন্তব্যে বলেছেন। “এই দল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিতে এখানে রয়েছে যা এই মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি তা নিয়েই প্রশ্ন হওয়া উচিত।”

ইরানের অধিনায়ক জাহরা ঘাঁবারি বলেছেন যে তাঁর দল আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনের লক্ষ্যে অস্ট্রেলিয়ায় এসেছে।

“এটা আমাদের পূর্ণ প্রচেষ্টা। এটা সত্য যে আমরা অস্ট্রেলিয়া, (দক্ষিণ) কোরিয়া এবং ফিলিপাইনের সঙ্গে একই গ্রুপে রয়েছি, যারা সবাই সত্যিই ভালো, কিন্তু আমাদের সকল খেলোয়াড় এবং আমাদের দলের মানসিকতা হল, ঈশ্বরের ইচ্ছায়, আমরা আমাদের গ্রুপ থেকে উঠে আসতে পারি,’’ তিনি বলেন

“আমাদের সম্পূর্ণ মনোযোগ বিশ্বকাপে পৌঁছানো এবং সেখানে দুর্দান্ত সাফল্য অর্জনের দিকে,” যোগ করেন তিনি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *