Cart Total Items (0)

Cart

All Sports

মৌতান ঘোষাল: ডুরান্ড কাপ-এ কি আদৌ খেলবেন হুগো বুমোস, ব্রেন্ডন হ্যামিল, জেসন কামিংসরা? সবটাই নির্ভর করছে ডুরান্ডের সূচি পরিবর্তন হবে কিনা তার উপর। গ্রুপ পর্বে ডুরান্ডের যে সূচি প্রকাশিত হয়েছে তাতে মোহনবাগানের ম্যাচ রয়েছে ৩, ৭ এবং ১২ অগস্ট। ৩ অগস্ট বাংলাদেশ সার্ভিসেস, ৭ অগগস্ট রাউন্ড গ্লাস পঞ্জাব এবং ১২ অগস্ট ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে খেলার কথা মোহনবাগানের। এই ডার্বির দিনটাই  এগিয়ে এনে ১১ অগস্ট করার জন্য ডুরান্ড কমিটির কাছে অনুরোধ জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। কারণ ১৬ অগস্ট  তাদের এএফসি কাপের প্রথম ম্যাচ। আগে এই ম্যাচ দেওয়া হয়েছিল ১৫ অগস্ট।  কিন্তু সে’দিন ভারতের স্বাধীনতা দিবস ঘিরে একাধিক অনুষ্ঠান রয়েছে রাজ্য জুড়ে, তাই এই ম্যাচ পিছনোর অনুরোধ জানিয়েছিল মোহনবাগান, যা মেনে নেয় এএফসি।

১৬ অগস্ট  ম্যাচে নামার আগে পর্যাপ্ত সময় চায় মোহনবাগান। যদি ডুরান্ড কমিটি তাদের এই সূচি পরিবর্তনের আবেদন মানে, তাহলেই ডুরান্ড কাপে সিনিয়র দল খেলাবে মোহনবাগান। না হলে কলকাতা লিগে যে ডেভলপমেন্ট লিগের দল খেলছে, সেই দলই অংশ নেবে ডুরান্ড কাপেও। অর্থাৎ ডুরান্ড কাপের ডার্বিতে পূর্ণ শক্তি নিয়ে নাও নামতে পারে সবুজ-মেরুন, যা নিঃসন্দেহে জৌলুস কমাবে বড় ম্যাচের।   

সূত্রের খবর ডুরান্ডের ম্যাচ পিছনোর জন্যও নাকি আবেদন করেছে ডুরান্ড কাপে অংশ নিতে যাওয়া বেশ কয়েকটি দল। কারণ তারা এখনও অনুশীলন শুরু করতে পারেনি। সেক্ষেত্রে যদি টুর্নামেন্টই পিছিয়ে যায় তাহলে সমস্যা নাও হতে পারে মোহনবাগানের। কিন্তু আপাতত তারা চাইছে ১১ অগস্টের মধ্যে ডুরান্ডের গ্রুপ পর্বের ম্যাচ খেলে নিয়ে, এএফসি’তে মনোসংযোগ করতে। না হলে এএফসি’তে অংশ নেওয়া মূল দল ডুরান্ডে খেলাবে না তারা।

গত মরসুমে এএফসি কাপে খুব একটা ভাল পারফর্ম করতে পারেনি জুয়ান ফেরান্দোর দল। এবার তাই আরও ভাল ভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাইছেন তিনি। মোহনবাগান টিম ম্যানেজমেন্ট বরাবরই বলে আসছে তাদের লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চে ভাল খেলা। গত বছর আইএসএল চ্যাম্পিয়ন হলেও এএফসি’র লক্ষ্য অধরাই ছিল ফেরান্দোর দলের,  তাই এ’বছর আর কোনও ঝুঁকি নিতে চান না তিনি। ২০ জুলাই থেকে অনুশীলনে নেমে পড়ার কথা মোহনবাগান সুপার জায়ান্টের। অনুশীলনের প্রথম দিনই ফুটবলারদের শারীরিক পরীক্ষা-নিরিক্ষা হবে। ১৬ অগস্ট এএফসি কাপের প্রথম ম্যাচের আগে দলকে পুরোপুরি তৈরি করে নিতে চান কোচ জুয়ান ফেরান্দো।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *