Cart Total Items (0)

Cart

All Sports India

‌অলস্পোর্ট ডেস্ক:‌ মঙ্গলবার রাত পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ নিশ্চিত ছিল না, ৬ মার্চ ওড়িশা এফসির বিরুদ্ধে তাদের আইএসএলের ৪ নম্বর ম্যাচটা যুবভারতীতে সম্পূর্ণ দর্শকশূণ্য অবস্থায় খেলতে হবে কিনা? ফলে ম্যাচের টিকিট বিক্রি নিয়ে ধাঁধায় পড়ে যায় বাগান টিম ম্যানজমেন্ট।‌ তবে রাতে ভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষাকারী কমিটি মোহনবাগানের আবেদন মেনে ৭০ শতাংশ দর্শকের সামনে খেলার অনুমতি দেওয়ার পর বাগান কর্তৃপক্ষ টিকিট বন্টন নিয়ে এক অভিনব পদক্ষেপ নিয়েছে। যা এককথায় সবুজ মেরুন সমর্থকদের জন্য উপহার বললে ভুল হবে না।

মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা সমর্থকদের কথা ভেবে আন্তর্জাতিক মহিলা দিবস ও হোলি উৎসবকে সামনে রেখে বিনা পয়সার টিকিট বন্টনের সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত ১৫ হাজার বিনামূল্যের টিকিট থাকছে সমর্থকদের জন্য। একজন প্রতি দুটি করে টিকিট দেওয়ার ব্যবস্থা হয়েছে। সদস্যরা এই টিকিট ক্লাব তাঁবুর ভেতর থেকেই সংগ্রহ করতে পারবেন। সাধারন সমর্থকদের এই টিকিট নিতে হবে মোহনবাগান ক্লাবের কাউন্টার ও অন্যান্য কেন্দ্র থেকে। ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিলেও মোহনবাগান সেই পরিমান টিকিট বাজার ছাড়বে না। চাহিদা অনুযায়ী বড়জোর ২০ থেকে ২৫ হাজার টিকিট বন্টনের জন্য ছাড়তে পারে। তবে ভিভিআইপি ও বক্স টিকিট অনলাইনে টাকা দিয়ে কিনতে হবে। এটা ফ্রি নয়। এটা ম্যাচের আগের দিন যুবভারতীর বক্স অফিস ২ থেকে রিডিমশন করে নিতে হবে। ম্যাচের দিন এটা করা যাবে না।

বিনা মূল্যের টিকিট মিলবে বৃহস্পতিবার মোহনবাগান মাঠ থেকে সকাল ১১টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত, যুবভারতী বক্স অফিস ২(‌গেট নম্বর ৪)‌ থেকে সকাল ১০টা থেকে দুপুর ১টা। ম্যাচের দিন ৬ মার্চ টিকিট মিলবে মোহনবাগান মাঠে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। বেলেঘাটা জনসংঘ ক্লাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টে ৩০ মিনিট পর্যন্ত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *