ছবি: এআইএফএফ
ভিয়েতনাম ২( নুগেইন-২) ভারত ১( সনফিদা)
অলস্পোর্ট ডেস্ক: এএফসি মহিলা এশিয়ান কাপে ভারতীয় মহিলা ফুটবল দলের শুরুটা ভাল হল না। পার্থের মাঠে প্রথম ম্যাচে ৯৩ মিনিট পর্যন্ত ম্যাচ ১-১ রেখেও ৯৪ মিনিটে গোল হজম করে ভিয়েতনামের কাছে ১-২ গোলে হারলেন সঙ্গীতা, মনীষারা। এই হারে ভারতীয় দলের ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ ও ২০২৮ অলিম্পিক্সে যোগ্যতার্জনের লক্ষ্যে একটা বড়সড় ধাক্কা। কারণ পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ প্রবল শক্তিশালী জাপান।
ভিয়েতনামের নুগেইন থি ভ্যান সু ৩০ মিনিটে গোল করে ভিয়েতনামকে এগিয়ে দিয়েছিলেন। ৫২ মিনিটে ভারতীয় সিনিয়র দলের জার্সিতে প্রথমবার খেলা সনফিদা ননগ্রাম ৫২ মিনিটে গোল করে সমতা ফেরান। ভারতীয় দলের ১ পয়েন্ট পাওয়া যখন নিশ্চিত মনে হচ্ছিল, ঠিক তখনই দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ের চতুর্থ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে ভারতীয় দলের স্বপ্ন ভঙ্গ করেন নুগেইন।
১৪ মিনিটে সঙ্গীতা বাসফোরের মিস পাস থেকে বল পেয়ে যান ভিয়েতনামের নুগেইন থি বীচ থায়। তাঁর নেওয়া শট ভারতীয় গোলকিপার পানথোই চানুকে হার মানিয়ে পোস্টে লেগে ফেরে। পানথোই এরপর বেশ কয়েকটি সেভ করে ভারতীয় দলকে লড়াইয়ে রেখেছিলেন। কিন্তু ৩০ মিনিটের মাথায় থাই থি থাওয়ের বাড়ানো বল ধরে জোরালো শটে গোল করে ভিয়েতনামকে এগিয়ে দেন নুগেইন ভ্যান সু।
গোল খেয়ে হাল ছাড়েনি ভারতীয় ফুটবলাররা। ভারতীয় দলের হেড কোচ আমেলিয়া ভালভার্দের কৌশলের পরিবর্তনে লড়াইয়ে ফেরেন মনীষারা। ডাংমেই গ্রেস ও মনীষা মিলিতভাবে আক্রমণ তুলে এনে ভিয়েতনাম রক্ষণকে অস্বস্তিতে ফেলেন। কোচ ভালভার্দে আক্রমণের ঝাঁজ বাড়াতে দ্বিতীয়ার্ধে নবাগত সনফিদা ও রিম্পা হালদারকে নামান গ্রেস ও সৌমা গুগুলোথের জায়গায়। তার ফল মেলে।
৪৯ মিনিটে থি থাও ভারতীয় গোলের ভেতর বল পাঠিয়েছিলেন। কিন্তু ভার প্রয়োগ করে সেই গোল বাতিল করেন রেফারি অফসাইডের কারণে। এর ৩ মিনিট বাদেই প্রতিআক্রমণ থেকে গোল পায় ভারত। রিম্পা বাঁপ্রান্ত দিয়ে দৌড়ে বক্সে বল রাখলে, তা ভিয়েতনামের এক ফুটবলারের গায়ে লেগে চলে যায় সনফিদার কাছে। সেই বল বাঁপায়ের নিখুঁত শটে ভিয়েতনামের গোলকিপারের পাশ দিয়ে জালের ভেতর জড়িয়ে দেন সনফিদা।
কিন্তু এরপর যে জোস নিয়ে খেলার দরকার ছিল ভারতীয় মহিলা ফুটবলারদের, তা দেখা যায়নি। এতে ভিয়েতনাম বারবার হানা দিয়ে ভারতীয় রক্ষণে চাপ বাড়ানোর সুযোগ পায়। ৭৬ মিনিটে ভ্যান সু-র শট রুখে দেন ভারতীয় গোলকিপার চানু। ভারতীয় দলের প্যারি শাকা, সনফিদা, মনীষা গোল করার একাধিক সুযোগ পেয়ে গিয়েছিলেন খেলার গতির বিরুদ্ধে। কিন্তু কাজে লাগাতে পারেননি। তারই খেসারত দিতে হল শেষপর্যন্ত। ৯৪ মিনিটে ভি থি হাওয়ের পাস থেকে গোল করে ভারতীয় দলকে হারের মুখে ঠেলে দেন ভ্যান সু।
ভারত: পানথোই চানু, সুইটি দেবী, সিল্কি দেবী, সঙ্গীতা বাসফোর, সৌমা গুগুলাথ(রিম্পা হালদার, ৪৬), সঞ্জু যাদব, প্যারি শাকা(কাভ্যিয়া পাকিরাসামী, ৭৯), গ্রেস ডাংমেই(সনফিদা ননগ্রাম,৪৬), নির্মলা দেবী, মার্টিনা থকচম, মনীষা কল্যান(লিন্ডা কম, ৯২)।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
