অলস্পোর্ট ডেস্ক: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল মরক্কো ফুটবল দলের কোচ হিসেবে আর থাকতে চাইছেন না ওয়ালিদ রেগ্রাগুই। তিনি সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন মরক্কো ফুটবল সংস্থার কর্তাদের কাছে। কিন্তু ফিফা ২০২৬ বিশ্বকাপের তিন মাস বাকি থাকতে নতুন কোচের নিয়োগ নিশ্চিত না করে রেগ্রাগুইকে দায়িত্ব থেকে অব্যহতি দিতে চাননি তাঁরা। তবে বৃহস্পতিবার এব্যাপারে তাঁরা চুড়ান্ত নিয়েই ফেলেন। রেগ্রাগুইয়ের জায়গায় অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করানো মহম্মদ ওয়াহবিকে সিনিয়র দলের কোচের পদে বসিয়ে।
রেগ্রাগুই কোচের ভূমিকায় মরক্কো ফুটবল দলকে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছিলেন। মদ্রিচের ক্রোয়েশিয়ার কাছে হেরে মরক্কোকে বিশ্বকাপে চতুর্থ স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। চলতি বছরের শুরুতে আফ্রিকান নেশনস কাপের বিতর্কিত ফাইনালে সেনেগালের কাছে হেরে রানার্স হয়েছিল মরক্কো তাঁরই কোচিংয়ে। তারপর থেকেই রেগ্রাগুইয়ের কোচিং কৌশল নিয়ে নানা সমালোচনা হচ্ছিল। আসলে ঘরের মাঠে ফাইনালে হারটা হজম করতে পারেননি দেশবাসী ও ফুটবল সংস্থার কর্তারা। এসব কথা কানে যাওয়াতে রেগ্রাগুই ২০২৬ বিশ্বকাপে কোচিং করানোর আগ্রহ হারান। শেষপর্যন্ত বিদায় নিলেন।
টেলিভিশনে সরকারিভাবে নিজের দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করেন রেগ্রাগুই। বলেন, ‘ আমি সম্মানের সঙ্গে মরক্কো সিনিয়র ফুটবল দলের কোচের পদ ছাড়ছি। দলের প্রতি আমার আনুগত্য, ভালবাসা ও কৃতজ্ঞতা চিরকাল থাকবে। শুভেচ্ছা রইল দলের নতুন কোচের জন্য।’
তারপরই মরক্কো ফুটবল সংস্থার পক্ষ থেকে নতুন কোচ হিসেবে ৪৯ বছর বয়সী মহম্মদ ওয়াহবির নাম ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, সামনেই বিশ্বকাপ। তাই সময় নষ্টের অবকাশ নেই। তাই ওয়াহবির মতো এমন একজনকে কোচ করা হয়েছে যিনি অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে চিলিতে গত অক্টোবরে মরক্কোকে চ্যাম্পিয়ন করেছেন। তাঁর অভিজ্ঞতা সিনিয়র দলেও কাজে আসবে এই বিশ্বাস আছে। ২০২৬ বিশ্বকাপে আরও একবার ভাল ফল করাই লক্ষ্য। এছাড়া ২০৩০য়ের অন্যতম আয়োজক দেশ হিসেবে মরক্কো ফুটবল দলটাকে দারুনভাবে তৈরি করা জরুরি।
রেগ্রাগুইয়ের বিদায়ে সোসাল মিডিয়ায় মরক্কো বিশ্বকাপ দলের অধিনায়ক আচরাফ হাকিমি লিখেছেন, ‘ মরক্কো দলের অসাধারন সাফল্যের জন্য আপনি যা করেছেন, তা অতুলনীয়। আপমার নেতৃত্ব, আবেগ, দূরদর্শিতা শুধু দলের ফুটবলারদের উজ্জীবিত করেনি, গোটা দেশের ফুটবলকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। মরক্কোর ফুটবলপ্রেমীদের মাথা সারা বিশ্বের কাছে উঁচু করে দিয়েছে। আপনার এই অবদান কোনওদিন ভোলা যাবে না।’
মরক্কোর ২০২৬ বিশ্বকাপে অভিযান শুরু করবে নিউইয়র্ক সিটির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের বিরুদ্ধে ১৩ জুন। গ্রুপের অন্য দুই দল হল হাইতি ও স্কটল্যান্ড। তারই প্রস্তুতি হিসেবে মরক্কো দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নেবে এই মাসের শেষে। ২৭ মার্চ মরক্কো মুখোমুখি হবে মাদ্রিদে ইকুয়েডারের বিরুদ্ধে, তার চারদিন পর ফ্রান্সের লঁসেতে মুখোমুখি হবে প্যারাগুয়ের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
