Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বাঙালি লক্ষ্য সেনের লক্ষ্যপূরণ হল না। রবিবার বার্মিংহামে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন ওপেনে তুল্যমূল্য লড়েও পুরুষ সিঙ্গলস ফাইনালে চাইনিজ তাইপের লিন চুন-‌ইউয়ের কাছে ১৫-‌২১ ও ২০-‌২২ পয়েন্টে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় ব্যাডমিন্টিন তারকা লক্ষ্য সেনকে।

শুরু থেকেই আধিপত্য দেখিয়ে ২৪ মিনিটে ২১‌-‌১৫ পয়েন্টে প্রথম গেমটা পকেটে পুরে নেন লিন চুন-‌ইউ। কোর্ট চেঞ্জের আগে ৯-‌১০ পয়েন্টে লিন চুনকে ধরে ফেলার জায়গায় ছিলেন লক্ষ্য। কিন্তু লিন আক্রমণে বাড়তি ঝাঁজ এনে ব্যবধান ক্রমশ বাড়িয়ে নেন। শেষপর্যন্ত ২০-‌১৫ তে পৌঁছে যাওয়ায় লি চুনের হাতে ৫টি গেম পয়েন্ট এসে যায়। সেখান থেকে লক্ষ্যর গেমে ফেরা সম্ভব হয়নি।

দ্বিতীয় গেমে দারুন ভাবে ঘুরে দাঁড়ান লক্ষ্য। একটা সময় ৩-‌৪ পয়েন্টে পিছিয়ে থেকে পরপর ৬ পয়েন্ট নিয়ে ৯‌-‌৪ পয়েন্টে পৌঁছে গেমটা নিজের পক্ষে নিয়ে গিয়েছিলেন তিনি। কোর্ট চেঞ্জের সময় ১১-‌৮ পয়েন্টে এগিয়েও থাকেন ভারতীয় শাটলার। কিন্তু এরপরই শটে বৈচিত্র এনে ১৪-‌১৪ পয়েন্ট করে ফেলেন লিন চুন। কিন্তু হাল ছাড়েনি লক্ষ্য। ৪৬ শটের অনবদ্য র‌্যালি শেষে পয়েন্ট জিতে আবার এগিয়ে যান তিনি ১৫-‌১৪তে। ছাড়ার পাত্র ছিলেন না লিন চুনও। গেমটা ১৬-‌১৬তে নিয়ে যান তিনিও। তবে আবার পয়েন্ট পেয়ে এগোন শুরু লক্ষ্যর। ১৮-‌১৬ লিড নেন। তবে সেই লিড খোয়ালে গেমটা দাঁড়িয়ে যায় ১৮-‌১৮। জমে ওঠে লড়াই। গেম দাঁড়ায় ১৯-‌১৯। লিন চুন পয়েন্ট তুলে নিলে ২০-‌১৯য়ে ম্যাচ জেতার মোড়ে এসে দাঁড়িয়েছিলেন। ম্যাচ পয়েন্ট সেভ করেন লক্ষ্য দুরন্ত র‌্যালিতে। গেম ২০-‌২০। লিন চুন আবার পয়েন্ট তুলে নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়নশিপ পয়েন্ট(‌২১-‌২০)‌ পেয়ে যান। শেষপর্যন্ত র‌্যালিতে লক্ষ্য শট বাইরে মারলে ৩৩ মিনিটের লড়াই শেষে ২২-‌২০ পয়েন্টে দ্বিতীয় গেম ও ম্যাচ জিতে অল ইংল্যান্ড ওপেন খেতাব দখল করেন।

অল ইংল্যান্ড ব্যাডমিন্টন ওপেন চ্যাম্পিয়ন হলে ভারতীয় দুই ব্যাডমিন্টন তারকার কীর্তি ছুঁয়ে ফেলতেন লক্ষ্য সেন। এর আগে ১৯৮০ সালে ইন্দোনেশিয়ার লিয়েম সুইয়ে কিংকে ফাইনালে হারিয়ে অল ইংল্যান্ড ওপেন খেতাব জিতেছিলেন প্রকাশ পাড়ুকোন। ২০ বছর অপেক্ষার পর ২০২১ সালে চীনের চেন হংকে ফাইনালে পরাস্ত করে অল ইংল্যান্ড খেতাব মুঠোয় পোরেন ভারতীয় শাটলার পুল্লেলা গোপাচাঁদ।

‌লক্ষ্য সেনের স্বপ্নের দৌড় চলেছিল শুরু থেকে। কিন্তু শেষরক্ষা হল না। বার্মিংহামে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষ সিঙ্গলস কোয়ার্টারফাইনালে বিশ্বের ৬ নম্বর চীনের লি শি ফেংকে সরাসরি ২ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য। ১২ নম্বর র‌্যাঙ্কিংয়ের লক্ষ্য শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলে ২১-‌১৩, ২১-‌১৬ পয়েন্টের জয় তুলে নেন মাত্র ৪৫ মিনিটের মধ্যে।

এর আগে পর্যন্ত লি শি ফেংয়ের মুখোমুখি হয়েছিলেন লক্ষ্য সেন ১৪ বার। তার মধ্যে ২ জনেই ৭বার করে জিতেছিলেন। কিন্তু লক্ষ্য শেষ তিনটি সাক্ষাতে হেরে কিছুটা চাপে ছিলেন। তবে এবার ম্যাচে খেলার সময় সব চাপ ঝেড়ে ফেলে লি শি ফেংকে উড়িয়ে দেন দুরন্ত শট খেলে। প্রথম রাউন্ডে বিশ্বের ১ নম্বর শি ইউকি, তারপর অভিজ্ঞ এনজি কা লং অ্যাঙ্গাসকে হারিয়ে লক্ষ্য বুঝিয়েছিলেন, তিনি এবার চ্যাম্পিয়ন হওয়ার প্রস্তুতি নিয়েই কোর্টে নেমেছেন।

ফাইনালে ওঠার পথে সেমিফাইনালে লক্ষ্যর সামনে ছিলেন বিশ্বের ১৬ নম্বর কানাডার ভিক্টর লাই। তিনি জাপানের কোকি ওয়াতানবিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিলেন। লক্ষ্যর এটা তৃতীয় সেমিফাইনাল ছিল অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে। ২০২২ সালে এই টুর্নামেন্টে রানার্স হয়েছিলেন লক্ষ্য সেন, ফাইনালে ভিক্টর আলেক্সনের কাছে হেরে। ২০২৪ সালে লক্ষ্য সেমিফাইনালে হেরে যান জোনাথন ক্রিস্টির কাছে। ‌শনিবার বার্মিংহামে সেমিফাইনালে ১ ঘন্টা ৩৭ মিনিটে লড়াইয়ের পর ভিক্টর লাইকে ২১-‌১৬, ১৮-‌২১ ও ২১-‌১৫ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠে প্রথমবার অল ইংল্যান্ড ব্যাডমিন্টন ওপেন খেতাব জয়ের আশা তীব্র করেন। ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন চাইনিজ তাইপের লিন চুন-‌উই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *